কবে মাঠে ফিরছেন মেসিরা, করোনা পরবর্তী সময়ে কীভাবে হবে অনুশীলন, সব তথ্য একনজরে
কবে মাঠে ফিরছেন মেসিরা, করোনা পরবর্তী সময়ে কীভাবে হবে অনুশীলন, সব তথ্য একনজরে
বিশ্বজুড়ে করোনার করাল গ্রাস যেন কিছুতেই কাটছে না। মার্চ মাস থেকে করোনা ভাইরাসের কারণে ফুটবল মাঠে তালা ঝুলছে। এই পরিস্থিতিতে ইতালিতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফুটবল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পেনে লিওনেল মেসিরা কবে মাঠে নামতে পারবেন একনজরে জেনে নেওয়া যাক।

করোনা উদ্বেগের মাঝে কবে শুরু ফুটবলারদের ট্রেনিং
স্পেনের ফুটবলাররা আগামী ৪ মে থেকে মাঠে গিয়ে অনুশীলন করতে পারবেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ এমনটাই ঘোষণা করেছেন। ধাপে ধাপে মে মাস থেকে স্পেনে লকডাউন শিথিল করার পরিকল্পনা রয়েছে।

মেসিরা একই সঙ্গে ট্রেনিং করতে পারবেন না
প্রধামন্ত্রী স্যাঞ্চেজ বলেছেন, '৪ মে থেকে পেশাদার ফুটবলাররা আলাদা আলাদাভাবে প্রথম দফায় অনুশীলন শুরু করতে পারবেন। তবে অবশ্যই করোনা নিয়ে সতর্কতা মেনে মাঠে প্রস্তুতি সারতে হবে।'

কীভাবে মেসিদের অনুশীলন হবে
করোনা পরবর্তী সময়ে ফুটবল মাঠে বল গড়ালেও খেলোয়াড়দের নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। ফুটবলারদের এখন ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন করা বাধ্যতামূলক। এছাড়া দেশে করোনার রেড জোন অঞ্চলে কোনও প্রস্তুতি হবে না। বিশেষ কিছু অঞ্চলে অনুশীলন করতে হলে সরকারের থেকে অনুমতি নিতে হবে বলে প্রশাসন জানিয়েছে।

লা-লিগা কবে শুরু
প্রশাসনের পক্ষ থেকে এখনই এই নিয়ে আশার আলো শোনানো হচ্ছে না। প্রতি দুই সপ্তাহ পর স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় করেনা পরিস্থিতি খতিয়ে দেখবে। আপাতত শুধুই প্রস্তুতি শুরু হচ্ছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখে পেশাদার ফুটবল মাঠে ফেরানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রস্তুতিতে নেমে পড়তে পারলেও লিওনেল মেসি, করিম বেঞ্জেমার লা-লিগার অবশিষ্ট ম্যাচে কবে নামতে পারেন, সেটাই এখন দেখার।

স্পেনে করোনা থাবার পরিস্থিতি
গত ১৪ মার্চ, স্পেনে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্কবার্তা জারি হয়। বিশ্বে করোনা সংক্রমণের মধ্যে স্পেন দ্বিতীয় স্থানে রয়েছে। স্পেনে ২ লক্ষ ৩৬ হাজারের বেশি নাগরিক সংক্রমিত হয়েছেন। মৃত্যু প্রায় ২৫ হাজার।












Click it and Unblock the Notifications