ডার্বিকে অনিশ্চিত করে দিল মহমেডানের চিঠি, অস্বস্তিতে আইএফএ
মেগা ডার্বি না হলে হবে না মিনি ডার্বি, দাবি জানাল মহমেডান স্পোর্টিং
ডার্বি নিয়ে মহমেডানের পত্রবাণ, আর তার জেরেই ফের অনিশ্চয়তার দোলাচলে ডার্বি আয়োজন। দিন দুয়েক আগেই কলকাতা লিগে ইস্ট-মোহন ডার্বির দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য ফুটবল সংস্থা। পাশাপাশি মিনি ডার্বির ম্যাচের সূচিও জানিয়েছে আইএফএ। কিন্তু এর মধ্যেই ঘনিয়ে এল আশঙ্কার কালো মেঘ। না ইস্টবেঙ্গল বা মোহনবাগান নয়, আইএফএ-এর সূচি নিয়ে এবার বেঁকে বসেছে মহামেডান। তাঁরা জানিয়েছে, লিগ জয়ের দৌড়ে দুই প্রধানের সঙ্গে তাঁরাও রয়েছেন। আর তাই ডার্বির আগেই ইস্ট-মোহনের সঙ্গে কোনওমতেই ম্যাচ খেলবে না সাদা-কালো ব্রিগেড।

আইএফএ-এর সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর শিলিগুড়িতে মেগা ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এর আগেই ১০ সেপ্টেম্বর মোহনবাগান এবং ১৬ সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ খেলার কথা ছিল মহামেডানের। মিনি ডার্বির ভ্যেনু ছিল কল্যাণী। কিন্তু মহামেডানের অভিযোগ এই সূচিতে অপর দুই প্রধানই সুবিধা পেয়ে যাবে। এই অভিযোগেই আইএফএ-তে চিঠি দিয়েছেন মহামেডান কর্মকর্তারা। জানিয়ে দিয়েছেন, এই সূচি অনুযায়ী তাঁরা খেলতে রাজি নন। খেললে ইস্ট-মোহনেরই সুবিধে হবে।

তিমধ্যে মহামেডানের এক শীর্ষ কর্তা নিজেদের আপত্তির কথা স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন এবারের কলকাতা লিগের দাবিদার মহমেডানও। এভাবে তারা আগে ডার্বি খেলে নিলে তাদেরই মুস্কিলে পড়তে হবে। তাঁদের দাবি আগে হতে হবে মোহন- ইস্ট ডার্বি।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। আশ্বাস দিয়েছেন শহরে ফিরে এই বিষয়টি নিয়ে আলোচনায় বসা হবে। তবে দিন পরিবর্তন করলে ঠিক কী করে কলকাতা লিগ শেষ হবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ সামনেই অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ,তারপরই শুরু হয়ে যাবে আইএসএল ও আই লিগ। এরমধ্যে দু মাসের মধ্যে কোনওরকমে কলকাতা লিগ শেষ করতে হয়। সেটা না হলে কিন্তু সত্যিই সমস্যায় পড়বে আইএফএ।












Click it and Unblock the Notifications