Super Cup 2023: এটিকে মোহনবাগানের বিদায় রক্ষণের দোষে, সুপার কাপের সেমিফাইনালে জামশেদপুর এফসি
সুপার কাপ থেকে এটিকে মোহনবাগানকে ছিটকে দিল জামশেদপুর এফসি। আজ কোঝিকোড়ে হুয়ান ফেরান্দোর দলকে ৩-০ গোলে চূর্ণ করল জামশেদপুর এফসি। আইএসএল চ্যাম্পিয়নরা এদিন প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে জামশেদপুর ব্যবধান বাড়ায়।
প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এফসিকে ৫-১ গোলে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু করেছিল সবুজ মেরুন। যদিও শেষ চারে যেতে গেলে জামশেদপুরের বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াই ছিল বাগানের। সেই ম্যাচেই তিন গোল হজম করে বিদায় নিল সবুজ মেরুন।

জামশেদপুর এফসি সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে এফসি গোয়াকে পরাস্ত করেছিল ৫-৩ গোলে। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এইডি বুথরয়েডের প্রশিক্ষণাধীন দল এগিয়ে যায় ২২ মিনিটেই। বরিস সিং থঙ্গজামকে মার্কার দিয়ে আটকানোর চেষ্টা না করার বড় মাশুল গুনতে হয় বাগান ডিফেন্সকে। সম্পূর্ণ অরক্ষিত অবস্থা থেকে গোল করে যান বরিস।
বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ তুলে এনেছিলেন ঋত্ত্বিক দাস ও রাফায়েল ক্রিভেলারো। বাগানের গোলমুখে অপেক্ষমান বরিস ক্রসকে গোলে রূপান্তরিত করে সাইডলাইনের ধারে ছুটে গেলে ধ্যান করার ভঙ্গিমায় গোলের সেলিব্রেশনে মাতেন। বাগান ডিফেন্সকে চাপে রাখছিলেন ক্রিভেলারো। ২৬ মিনিটে তাঁর ফ্রি কিক থেকে দ্বিতীয় গোলটিও পেয়ে যেতে পারত জামশেদপুর। যদিও তা বারে প্রতিহত হয়।

আগের ভুল থেকে বাগান রক্ষণ কোনও শিক্ষা নেয়নি। ফের তার মাশুল দিতে হয়। বরিস ৪৩ মিনিটে আরও একটি গোল করেন। বক্সের মধ্যে তাঁকে অরক্ষিত অবস্থায় ছেড়ে রেখেছিলেন সবুজ মেরুন ফুটবলাররা। ঋত্ত্বিক দাসের বাড়ানো বল দৌড়ে গিয়ে ধরে তা জালে জড়ান বরিস। বিরতিতে এই ২ গোলেই এগিয়ে ছিল জামশেদপুর।

ম্যাচের ৬৭ মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাতস বাগানের হয়ে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন। যদিও তাঁর ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের পাঁচ মিনিটের মাথায় জামশেদপুরের তৃতীয় গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা হ্যারি সয়ার। বক্সের মধ্যে লুজ বল পেয়ে তা থেকে গোল করেন তিনি। সি গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট দখল করে সেমিফাইনালে চলে গেল জামশেদপুর।
মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে হবে এটিকে মোহনবাগানকে। ২ ম্যাচে বাগানের ঝুলিতে ৩ পয়েন্ট। জামশেদপুরের গোলপার্থক্য ৫, বাগানের ১। এফসি গোয়ারও ২ ম্যাচে রয়েছে ৩ পয়েন্ট। গোকুলাম ২টি ম্যাচেই পরাস্ত হয়েছে। স্বাভাবিকভাবেই সুপার কাপে বাগানের এই পারফরম্যান্স সমর্থকদের হতাশ করল। তিন গোলে হারা ফেরান্দোর দলের সাম্প্রতিককালের খারাপ পারফরম্যান্স হয়েই চিহ্নিত হয়ে রইল।












Click it and Unblock the Notifications