Intercontinental Cup: সুনীলের গোলে ভানুয়াতুকে হারিয়ে ফাইনালে ভারত, সেলিব্রেশনে সুখবর দিলেন ছেত্রী
Intercontinental Cup: ইন্টারকন্টিনেন্টাল কাপে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। চারদেশীয় এই ফুটবল প্রতিযোগিতায় আজ ভুবনেশ্বরে ভানুয়াতুকে ১-০ গোলে হারাল ভারত।
জয়সূচক গোলটি করেন বিশেষ ধরনের সেলিব্রেশনে মাতেন অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁর স্ত্রী সোনমও ছিলেন স্টেডিয়ামে। সোনম যে সন্তানসম্ভবা, সেলিব্রেশনেই তা বুঝিয়ে দেন সুনীল। বক্সে থাকা সোনমের দিকে চুম্বনও ছুড়ে দেন। সোনমকে দেখা যায় হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে।

কলিঙ্গ স্টেডিয়ামে আজ এই জয়ের সুবাদে দেশের মাটিতে টানা সাতটি ম্যাচে জিতল ইগর স্টিম্যাচের দল। তার মধ্যে ৬টিতেই কোনও গোল হজম করতে হয়নি ভারতকে। গোটা ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করেছিল ভারত। অবশ্য ৮০ মিনিটের মাথায় আন্তর্জাতিক কেরিয়ারের ৮৬তম গোলটি পেয়ে যান সুনীল।

এই জয় ভারতকে ফাইনালে নিয়ে গেল এদিনই লেবানন ও মঙ্গোলিয়ার মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হওয়ায়। মঙ্গোলিয়াকে গত শুক্রবার ভারত হারিয়েছিল ২-০ গোলে। সেই ম্যাচের প্রথম একাদশে আজ ৯টি পরিবর্তন আনেন ভারতের হেড কোচ। দেশের হয়ে এদিনই ৫০তম ম্যাচ খেললেন সন্দেশ ঝিঙ্ঘন। তাঁর সঙ্গে সুনীলই একমাত্র প্রথম একাদশে ছিলেন।
ইমামি ইস্টবেঙ্গলে আগামী মরশুমে খেলবেন নন্দকুমার সেকর (Nandhakumar Sekar)। তার আগে তিনি আজ ভারতের সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচটি খেললেন। প্রথমার্ধে ভারত বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেনি। নন্দকুমার, লিস্টন কোলাসোর দূরপাল্লার শটগুলি বারের উপর দিয়ে চলে যায়।

হাফ টাইমের আগে সুনীল ছেত্রীর বেশ কয়েকটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ভারতের আক্রমণ তুলে আনার নেপথ্যে নাওরেম মহেশের ভূমিকাও ছিল অনবদ্য। তাঁর বাড়ানো বল থেকে গোল করতে পারেননি নন্দকুমার। লিস্টন কোলাসোর গোলমুখী শট বাঁচান ভানুয়াতুর গোলকিপার। দ্বিতীয়ার্ধে মহেশ বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ তুলে আনেন। তাঁর ক্রস থেকে ছেত্রীর হেড দ্বিতীয়ার্ধে লক্ষ্যভ্রষ্ট হয়।
এক ঘণ্টা খেলা গড়ানোর পর মাঝমাঠে আমূল বদল আনেন স্টিম্যাচ। সাহাল আবগুল সামাদ, অনিরুদ্ধ থাপা, জিকসন সিংকে নামানো হয়। এতে আক্রমণ ক্ষুরধার হয়। ভানুয়াতু যখন রক্ষণে লোক বাড়িয়ে এক পয়েন্টের প্রত্যাশা করছে তখনই সুনীলের গোল আসে শুভাশিস বোসের মাপা ক্রস থেকে। বুক দিয়ে বলটি ধরে তা জালে জড়ান সুনীল।
This has to be the SWEETEST pregnancy acknowledgement/celebration (if that's what it is) ❤️
— Lavanya 🎙️🎥👩🏻💻 (@lav_narayanan) June 12, 2023
Sunil Chhetri. The gift that keeps on giving. The skipper gives India the lead vs Vanuatu in the #HeroIntercontinentalCup pic.twitter.com/2Eo2dx4Kkw
এরপরই সেই সেলিব্রেশন, যা আপাতত ভাইরাল। সুব্রত ভট্টাচার্যের কন্যা সোনমের কোল আলো করে সন্তান আসার বার্তা দিলেন সুনীল ছেত্রী। সুনীল বলেন, আমার গোলের মাধ্যমেই সুখবর দিতে চেয়েছেন সোনম। এই গোল তাঁর ও আমাদের আগত সন্তানের জন্য। এই খুশি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে আশীর্বাদ চাইছি।
ভারতের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার লেবাননের বিরুদ্ধে। ফাইনাল ১৮ জুন।












Click it and Unblock the Notifications