Euro 2020: ইউরোর কোয়ার্টার ও সেমিফাইনালে কাদের দ্বৈরথ, কাছে রাখুন ক্রীড়াসূচি
ছিটকে গিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। এবারের ইউরো কাপের শেষ আটে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৬টি দল। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গিয়েছে তিনটি কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষের নাম। চতুর্থ কোয়ার্টার ফাইনালে কারা মুখোমুখি হবে তা মঙ্গলবার রাতের মধ্যে স্পষ্ট হবে। শেষ দুটি জায়গার লড়াইয়ে রয়েছে সুইডেন, ইউক্রেন, ইংল্যান্ড ও জার্মানি। ইংল্যান্ড ও জার্মানির মধ্যে একটি দলই পৌঁছাবে শেষ আটে।

কোয়ার্টার ফাইনালের প্রথম দিন
চলতি ইউরো কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় সেন্ট পিটার্সবার্গে শুক্রবার ২ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় স্পেন খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ শেষের কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সময় মাঝরাতের পর, রাত সাড়ে ১২টায় (ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে ১২টা) মিউনিখে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বেলজিয়াম ও ইতালি।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিন
শনিবার ৩ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় বাকুতে ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্র নামবে শেষ চারে ওঠার লড়াই। এই ম্যাচ শেষের কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী মাঝরাতের পর (ভারতীয় সময় অনুসারে রবিবার রাত সাড়ে ১২টা) সুইডেন বা ইউক্রেন খেলবে ইংল্যান্ড বা জার্মানির বিরুদ্ধে। মঙ্গলবারই রাতের মধ্যে স্পষ্ট হয়ে যাবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে এই চার দলের মধ্যে কারা পরস্পরের মুখোমুখি হবে।

ইউরো সেমিফাইনাল
সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। দুটি সেমিফাইনাল হবে লন্ডনের তারিখ অনুযায়ী ৬ ও ৭ জুলাই। কিন্তু ভারতীয় সময় অনুসারে যেহেতু ম্যাচগুলি রাত সাড়ে ১২টায় শুরু হবে তাই ভারতের সময় অনুযায়ী ওই তারিখগুলি পড়ছে ৭ ও ৮ জুলাই অর্থাৎ ৬ ও ৭ তারিখ মাঝরাতের পর। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। অর্থাৎ প্রথম সেমিফাইনালে স্পেন বা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে বেলজিয়াম বা ইতালি। পরদিন একই সময়ে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালে বিজয়ী দল পরস্পরের মুখোমুখি হবে। অর্থাৎ ডেনমার্ক বা চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোন দুই দলের একটি খেলবে তাও স্পষ্ট হবে মঙ্গলবার রাতেই।

ইউরো ফাইনাল
লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী ইউরো কাপের ফাইনাল ওয়েম্বলিতে হবে ১১ জুলাই। কিন্তু ভারতীয় সময় মাঝরাতের পর হওয়ায় ভারতের ক্ষেত্রে তারিখ দাঁড়াচ্ছে ১২ জুলাই। তবে সাধারণভাবে দেখলে রবিবার মাঝরাতের পরই ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে নতুন ইউরো চ্যাম্পিয়ন নির্ধারণের মেগা ফাইনাল।












Click it and Unblock the Notifications