ভবিষ্যৎ অনিশ্চিত, ইস্টবেঙ্গল ছাড়লেন লিগের টপ স্কোরার, লা লিগা-প্রিমিয়ার লিগে খেলা বিদেশি’র সই এফসি গোয়ায়
ভবিষ্যৎ অনিশ্চিত, ইস্টবেঙ্গল ছাড়লেন লিগের টপ স্কোরার, লা লিগা-প্রিমিয়ার লিগে খেলা বিদেশি’র সই এফসি গোয়ায়
ইস্টবেঙ্গলের উপর ভরস রাখতে পারছেন না কেউই। দীর্ঘ দিন লাল-হলুদের প্রতীক্ষায় বসে থাকার পর অবশেষে দল ছেড়েছেন শঙ্কর রায়। মোহনবাগানের হয়ে আই লিগ জেতা গোলরক্ষক সই করেছেন মহমেডানে।

শঙ্করের দেখানো পথেই পা দিলেন ২০২১ কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা রাহুল পাসওয়ান। বিএসএস-এর হয়ে কলকাতা লিগে গত মরসুমে সর্বোচ্চ গোলদাতা রাহুল সই করলেন সাদা-কালো শিবিরে। ২৪ বছর বয়সী এই সেন্ট্রাল ফরওয়ার্ডকে কত দিনের চুক্তিতে সই করানো হয়েছে তা জানা যায়নি এখনও।
বিএসএস থেকে গত মরসুমের শেষের দিকে রাহুলকে দলে নেয় ইস্টবেঙ্গল। জানুয়ারি মাসে ইস্টবেঙ্গল তাঁকে শেষ কয়েক মাসের জন্যই দলে নিয়েছিল। রাহুল পাসওয়ান মাত্র একটি ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। মার্কাস জোসেফের সঙ্গী হিসেবে বাংলার এই গোল মেশিনকে সই করানোর ফলে কলকাতা লিগ, ডুরান্ড কাপ-এর আগে মহমেডানের আক্রমণভাগ যে বেশ শক্তিশালী হয়ে গেল তা আর বলার অপেক্ষা রাখে না।

অপর দিকে, দুই বছরের চুক্তিতে কেরল ব্লাস্টার্স থেকে আলভারো ভ্যাজকুইজকে সই করাল এফসি গোয়া। ২০২১-২২ মরসুমে কেরলের দলটিকে ফাইনালে তোলার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই স্প্যানিয়ার্ডের। ৮টি গোল করেছিলেন গত মরসুমে তিনি। পাশাপাশি দু'টি অ্যাসিস্টও করেছিলেন ভ্যাজকুইজ। ৩১ বছর বয়সী এই ফুটবলারের উথ্থান এসপ্যানিয়লের অ্যাকাডেমি থেকে। এর পর এসপ্যানিয়লের হয়ে লা লিগায় অভিষেক ঘটে তাঁর। এ ছাড়াও স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগে তিনি খেলেছেন গেটাফের হয়ে। গেটাফে থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে লোনে গিয়েছিলেন সোয়ান্সি সিটি'তে। এসপ্যানিয়লের হয়ে ৭০ ম্যাচে ১০ গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। সোয়ান্সির হয়ে কোনও গোল করেননি। জারাগোজার হয়ে ৩২ ম্যাচে ১০ গোল করেছেন। স্পোর্টিং গিজনের হয়ে করেছেন ৫৩ ম্য়াচে ৬ গোল। স্পেনের অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২১ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন তিনি।












Click it and Unblock the Notifications