৩৪ বছর পর বাংলার বুকেই নয়া ইতিহাস! ডায়মন্ডকে 'চুরমার' করে ডুরান্ড কাপ ফের নর্থইস্টের
ডায়মন্ড হারবার চুরমার! ৩৪ বছর পর বাংলার বুকেই নয়া ইতিহাস গড়ল নর্থইস্ট ইউনাইটেড এফসি। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবার এফসিকে ৬-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপ নিজেদের দখলে রাখল তারা। ১৯৯১ সালের পর এই প্রথম কোনও দল ডুরান্ড কাপ দখলে রাখতে সক্ষম হলো।

ডুরান্ড কাপ খেতাব দখলে রাখা দলের সংখ্যা বেড়ে হলো এক ডজন। আর চলতি ডুরান্ড কাপে সবচেয়ে বড় ব্যবধানে ডায়মন্ড হারবার এফসি পরাস্ত হলো হাফ ডজন গোল হজম করে। মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পাঁচ গোলের মালা পরেছিল ডায়মন্ড হারবার। আজ প্রথমার্ধে ২ বার ও দ্বিতীয়ার্ধে চারবার বল জড়াল কিভু ভিকুনার প্রশিক্ষণাধীন দলের জালে। সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে ওঠা দলকে বড় ব্যবধানে হারিয়ে নর্থইস্ট দেখিয়ে দিল আই লিগ আর আইএসএল দলের মধ্যে ফারাক কতটা।
গত বছরই প্রথমবার ডুরান্ড কাপ জিতেছিল নর্থইস্ট, মোহনবাগান সুপার জায়ান্টকে পেনাল্টি শ্যুটআউটে পরাস্ত করে। এদিন ফের বাংলার আরেকটি দল, যার কর্ণধার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দলকে হারিয়ে খেতাব ধরে রাখল জন আব্রাহামের দল। ম্যাচ শেষ হতেই জনের মুখে চওড়া হাসি। গোটা দলের সঙ্গে মাঠে নাচলেনও, চলল তুমুল সেলিব্রেশন।
নর্থইস্টের আগে যে দলগুলি ডুরান্ড কাপ খেতাব ধরে রাখার নজির গড়েছিল সেগুলি হলো- ইস্টবেঙ্গল, মোহনবাগান, হাইল্যান্ড লাইট ইনফান্ট্রি, কিংস ওন স্কটিশ বর্ডারার্স, ব্ল্যাক ওয়াচ, সাউথ ওয়েলস বর্ডারার্স, ক্যামেরোনিয়ান্স বা স্কটিশ রাইফেলস, ল্যাঙ্কাশায়ার ফিউসিলিয়ার্স, ইয়র্ক অ্যান্ড ল্যাঙ্কাস্টার রেজিমেন্ট, কিংস শ্রপশায়ার লাইট ইনফান্ট্রি ও বর্ডার সিকিউরিটি ফোর্স।
ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোলটি করেন আশির আখতার। বিরতির সামান্য আগে পার্থিব গগৈয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নর্থইস্ট। হুইড্রম থোই সিং ৫০ মিনিটে গোল করেন, এটি নর্থইস্টের তৃতীয় গোল। ৬৮ মিনিটে লুকা মাজসেন ডায়মন্ড হারবারের হয়ে একমাত্র গোলটি করেন। যদিও ৮১ ও ৮৬ মিনিটে যথাক্রমে জাইরো সামপেরিও এবং অ্যান্ডি রডরিগের করা গোলে নর্থইস্ট এগিয়ে যায় ৫-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে আজারাইয়ের পেনাল্টি থেকে করা গোল ডায়মন্ড হারবারকে ছয় গোল হজমের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য করে। নর্থইস্ট খেতাব ধরে রাখায় উচ্ছ্বসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।












Click it and Unblock the Notifications