Neymar JR: মরুদেশে সাম্বা ঝড়! নেইমার-আল হিলাল চুক্তির অঙ্ক শুনলে চমকে যাবেন
আরব দেশে সাম্বা ঝড়। জল্পনাকে সত্যি করেই মরুদেশেই ঘাঁটি গাড়লেন নেইমার জুনিয়ার। বিগত কয়েকদিন ধরেই ট্রান্সফার মার্কেটের খবর ছিল, রোনাল্ডোর প্রতিবেশী ক্লাবে নাম লেখাচ্ছেন নেইমার। মঙ্গলবার রাতে পড়ল সরকারি সিলমোহর। সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন ব্রাজিলিয়ান তারকা।
মঙ্গলবার আল হিলাল কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে নেইমারের দলে আসার খবরের নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক কথাবার্তার পর পুরনো ক্লাব পিএসজি ছেড়ে সৌদিতে পাড়ি দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। মেডিক্যাল টেস্টও হয়ে গিয়েছিল তাঁর। এরপর চুক্তিপত্রে সই করে আল হিলালের নতুন সদস্য হলেন নেইমার। সেইসঙ্গে আরও একটু গ্ল্যামার বাড়ল সৌদি ফুটবলে।

বিবিসি-র তথ্য অনুযায়ী ব্রাজিলিয়ান সুপারস্টারকে পেতে পিএসজিকে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে হয়েছে আল হিলালকে। আর নেইমারের সঙ্গে ২ বছরের চুক্তি আল হিলালের। পরে আরও এক বছর চুক্তি বাড়ানো হতে পারে। জল্পনা ছিল আল হিলালে বার্ষিক ১৬০ মিলিয়ম ইউরো পাবেন নেইমার। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৪৫০ কোটি টাকা। দুই বছরে মোট ৩১০ মিলিয়ন ইউরো পাবেন নেইমার।
পিএসজির জার্সিতে ১৭৩ ম্যাচ খেলে মোট ১১৮ গোল করেছেন। ৫টি খেতাবও জিতেছেন প্যারিসের ক্লাবটির হয়ে। তাঁর সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও মাঝ পথেই ক্লাব ছাড়লেন এবং আল হিলালে যোগ দিলেন নেইমার।

চোট সারিয়ে কিছু দিন আগে মাঠে ফিরেছেন নেইমার। যদিও ভাইরাল সংক্রমণ হওয়ায় রবিবার পিএসজির হয়ে লিগ ওয়ানের প্রথম ম্যাচ খেলতে পারেনি। সংক্রমণের জন্য প্যারিসে শেষ কয়েক দিন একা অনুশীলন করেন। তারউপর ক্লাব সমর্থকদের ব্যবহারেও অসন্তুষ্ট ছিলেন তিনি।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর প্রথম সারির একাধিক ফুটবলার যোগ দিয়েছেন সৌদি আরবের বিভিন্ন ক্লাবে।গত মরসুমে আল নাসরে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো বছরে ২১৭ মিলিয়ন ডলার আয় করেন। কিন্তু তাঁর মূল বেতন ১৩৬ মিলিয়ন ডলার। এর মধ্যে ৭৫ মিলিয়ন পান শুধু মাত্র খেলার জন্য।
এবার মরুদেশে রোনাল্ডোকে চ্যালেঞ্জ জানাতে হাজির নেইমারও। ব্রাজিলিয়ান তারকা সৌদির ক্লাবে এলে সতীর্থ হিসেবে পাবেন কালিদু কৌলিবালি, রুবেন নেভেস ও সারগেজ মিলিনকোভিচ-স্যাভিচকে।
রোনাল্ডো আগেই ছেড়েছেন, কয়েক মাস আগে বিদায় জানিয়েছেন মেসিও। এবার ইউরোপীয় ক্লাব ফুটবলের আকাশ থেকে ঝড়ে গেল আরও এক উজ্জ্বল নক্ষত্র। রোনাল্ডো-মেসি-নেইমার, মহাতারকাহীন ইউরোপের ক্লাব ফুটবল।












Click it and Unblock the Notifications