Merdeka Tournament: জঘন্য রেফারিংয়ে মারডেকা অভিযান শেষ ভারতের, মালয়েশিয়ার কাছে পরাস্ত সুনীলরা
Merdeka Tournament: মারডেকা টুর্নামেন্টে ২২ বছর পর অংশ নিয়েছিল ভারত। যদিও জঘন্য রেফারিংয়ের কারণে আজই শেষ হয়ে গেল ভারতের অভিযান। ৪-২ গোলে জয় ছিনিয়ে ফাইনালে গেল মালয়েশিয়া।
ভারতের হয়ে গোল দুটি করেন নওরেম মহেশ সিং ও সুনীল ছেত্রী। ভারত ম্যাচ জেতার মরিয়া লড়াই চালালেও রেফারিরাই ডুবিয়ে দিলেন।

কুয়ালা লামপুরের বুকিত জালিল ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের বিরতিতে ভারত পিছিয়ে ছিল ১-৩ গোলে। ৭ মিনিটে ডিওন কুলসের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। ১৩ মিনিটে নওরেমের গোলে ভারত সমতা ফেরায়। যদিও ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আরিফ আইমান এগিয়ে দেন মালয়েশিয়াকে।
৪২ মিনিটে ফয়সল হালিমের গোলে ব্যবধান বাড়ে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় ভারত। ৫১ মিনিটে করা সুনীল ছেত্রী ভারতের দ্বিতীয় গোলটি করেন। ফলে ভারত ব্যবধান কমিয়ে ২-৩ করে ফেলে। এর মিনিট পাঁচেক পরেই স্কোরলাইন ৩-৩ হয়ে যেত, যদি না রেফারি ও সহকারী রেফারিদের ভুল সিদ্ধান্ত ভারতের সামনে প্রতিবন্ধকতা তৈরি না করতো।
প্রতিপক্ষের জালে ৫৬ মিনিটের মাথায় জড়িয়ে যায় লালিয়ানজুয়ালা ছাংতের শট। কিন্তু তাইল্যান্ডের রেফারি মঙ্কোলচাই পেছরি গোলটি বাতিল করে দেন। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে বল গোললাইন পেরিয়ে গিয়েছিল।
রেফারি ও সহকারী রেফারিদের সিদ্ধান্তে কার্যত হতচকিত হয়ে যায় ভারতীয় দল। হাতজোড় করে রেফারিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান অধিনায়ক সুনীল ছেত্রী। কিন্তু রেফারিরা তাঁদের সিদ্ধান্তে অনড় থাকেন। এই প্রতিযোগিতায় ভার (VAR) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। ফলে ভারতকে অবিচারের শিকার হতে হয়।

৬১ মিনিটে লা'ভেরে করবিন-ওংয়ের গোলে মালয়েশিয়া এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। ম্যাচটি হারলেও ইতিবাচক দিক ভারতের করা দুটি গোল। নওরেমের গোলটি ছিল যথেষ্টই দর্শনীয়। ছাংতে, সাহাল আবদুল সামাদের সঙ্গে মহেশ আক্রমণ তৈরি করে প্রতিপক্ষের জালে বল জড়ান। নওরেম মহেশের ভলি রোখার কোনও উত্তরই ছিল না মালয়েশীয় গোলরক্ষকের কাছে।
সুনীল যে গোলটি করেন তাতেও ছিল ছাংতের অবদান। তাঁর মাপা পাস ভারত অধিনায়কের কাজটা সহজ করে দেয়। ভারতের বিরুদ্ধে যে পেনাল্টি দেওয়া হয়েছিল এবং ভারতকে যে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে তা নিয়েও যথেষ্টই বিতর্ক রয়েছে। ভারতের ভাগ্যও সঙ্গত দেয়নি। দুটি শট পোস্টে প্রতিহত হয়।
ভারতীয় দল এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতির পর্যাপ্ত সময় পায়নি। আইএসএল চলছিল। ফলে ইগর স্টিমাচের প্রশিক্ষণাধীন দলের সামনে চ্যালেঞ্জ কঠিন ছিল। আজকের ম্যাচে প্রথমার্ধে ভারত সেভাবে চেনা ছন্দে খেলতে পারেননি। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের ভুলত্রুটি সামলে তুলনামূলক ভালো ফুটবল উপহার দেয়। তবে রেফারির বদান্যতায় খালি হাতেই ফিরতে হচ্ছে। ১৭ অক্টোবর তাজিকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলবে মালয়েশিয়া।












Click it and Unblock the Notifications