ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে এগিয়ে গেলেন লিওনেল মেসি
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে এগিয়ে গেলেন লিওনেল মেসি
লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কে সেরা তা নিয়ে ফুটবলপ্রেমীদের তর্কের অবকাশ নেই। নিঃসন্দেহে এই দুই ফুটবলারই বিশ্বের ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বলতম নক্ষত্র। উভয়ই নিজেদের দক্ষতার মধ্যে দিয়ে খেলাটিকে অন্য স্তরে নিয়ে গিয়েছেন। তবে, সেরার তর্কে বারবারই এলএম ১০ এবং সিআর ৭-এর অনুরাগীরা নিজেদের মহাতারকাকে সেরা আসন দিয়ে এসেছেন।

এই তর্কে কোনও অবকাশ নেই এবং হয়তো কখনও হবেও না, মারাদোনা বা পেলে যেমন ভাবে বিশ্ব ফুটবলের দুই স্তম্ভ হিসেবে রয়েছেন তেমনই অপর দুই স্তম্ভ হিসেবে থাকবেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেরার তর্ক যতই চলতে থাকুক সম্প্রতি রোনাল্ডোকে এক দিক দিয়ে পিছনে ফেলে দিয়েছেন মেসি।
পেনাল্টিহীন গোলের বিচারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন বিশ্ব ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। লিগা ১-এর ম্যাচে লিয়ঁ'র বিরুদ্ধে করা গোলে রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন মেসি।
ফরাসি লিগে সোমবার রাতে অ্যাওয়ে ম্যাচে লিয়ঁর মুখোমুখি হয়েছিল প্যারিস সাঁ জাঁ (পিএসজি)। এই ম্যাচের শুরুতেই নেইমারের পাস থেকে গোল করেন মেসি। ৫ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে দৃষ্টিনন্দন যে গোলটি মেসির পা থেকে আসা সেটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
ম্যাচের শুরুতেই আক্রমণে উঠে এসে ব্রাজিলীয় তারকা নেইমার ঠিকানা লেখা পাস পাঠান আর্জেন্টাইন ফরওয়ার্ডকে। বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তারকা গোল করতে করতে কোনও ভুল করেননি। প্রতিপক্ষের জালে বল রাখার সঙ্গেই তিনি পিছনে ফেলে দেন রোনাল্ডোকে। নন-পেনাল্টি গোলে সি আর ৭-এর চেয়ে এগিয়ে এখন মেসি। ৬৭১টি পেনাল্টিহীন গোল গোটা কেরিয়ারে এখনও পর্যন্ত করেছেন রোনাল্ডো, সেখানে লিওনেল মেসির সংখ্যাটি দাঁড়াল ৬৭২।
মেসির একমাত্র গোলে জয় ছিনিয়ে নিয়ে লিগা ১-এর তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে পিএসজি। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ফরাসি লিগের শীর্ষে রয়েছে পিএসজি।এই লিগে দ্বিতীয় স্থানে রয়েছে মার্সেই। সমসংখ্যক ম্যাচে মার্সেইয়ের সংগ্রহ ২০ পয়েন্ট।












Click it and Unblock the Notifications