Lionel Messi: অপেক্ষার অবসান, ইন্টার মায়ামির জার্সিতে কবে আত্মপ্রকাশ করছেন মেসি?
অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরই নতুন ক্লাবের জার্সিতে আত্মপ্রকাশ করতে চলেছেন লিও মেসি। কবে ইন্টার মায়ামির জার্সিতে খেলতে নামবেন মেসি, এই নিয়ে তাঁর ভক্তদের আগ্রহের অন্ত নেই। অবশেষে আসছে সেই মাহেন্দ্রক্ষণ।
মেসিকে ইন্টার মায়ামির জার্সিতে দেখার অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামী ১৬ জুলাই নতুন ক্লাবের জার্সিতে আত্মপ্রকাশ করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ইন্টার মায়ামি মেসিকে সমর্থকদের সামনে উপস্থাপন করার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। 'দ্য আনভেইল' নামের এই আয়োজন হবে ১৬ জুলাই ইন্টার মায়ামির নিজেদের মাঠে।

মেসির উন্মোচনকে কেন্দ্র করে জমকালো পরিকল্পনা করেছে মেজর লিগ সকারের দলটি। বিনোদনের ভরপুর আয়োজন থাকছে। মেসি মাঠের মাঝে এসে নিজের অনুভূতির কথা জানাবেন। কথাও বলতে পারেন সমর্থকদের সঙ্গে। আরও অনেক পরিকল্পনা থাকছে।
মেসি একাই নন, বার্সেলোনায় তাঁর দুই প্রাক্তন সতীর্থ সের্জিয়ো বুস্কেৎস এবং জর্ডি আলবাকেও হাজির করানো হতে পারে নতুন ফুটবলার হিসাবে। আমেরিকার এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার ক্লাবটির পক্ষ চেষ্টা করানো হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার এডেন হ্যাজার্ডকে সই করানোর।
লিওনেল মেসির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ইন্টার মায়ামির সমর্থকেরা। মেসির যুক্তরাষ্ট্রে আসার ঘোষণার পর থেকেই মূলত দেশটির ফুটবল-জগতে শুরু হয়েছে অন্য রকম এক উন্মাদনা। যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেক হবে আগামী ২১ জুলাই। লিগ কাপে মেক্সিকান দল ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু করবেন বিশ্বকাপজয়ী নীল সাদার মহাতারকা।

ইউরোপীয় ক্লাব ফুটবলে ইতি টেনে কেরিয়ারের শেষ লগ্নে মার্কিন মুলুকে তরী ভিড়িয়েছেন মেসি। ম্যাজিশিয়ানের শো দেখার অপেক্ষায় মেজর লিগ।












Click it and Unblock the Notifications