FIFA Best Award: মেসির সঙ্গে ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে কারা? কতদিন অবধি ভোট দেওয়া যাবে?
FIFA Best Award: লিওনেল মেসির মুকুটে যোগ হতে পারে আরও একটি পালক। এবারও ফিফা বর্ষসেরার দৌড়ে রয়েছেন আর্জেন্তিনার অধিনায়ক। ফিফা বেস্ট পুরস্কারের জন্য বিভিন্ন বিভাগে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফিফা।
পুরুষদের ফুটবলের বিভাগে মেসির সঙ্গেই বর্ষসেরা হওয়ার দৌড়ে রয়েছেন কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডের মতো তারকারা। ৬ অক্টোবর অবধি ফুটবলপ্রেমীরা পছন্দের ফুটবলারদের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

মেসি এখন খেলছেন ইন্টার মায়ামির হয়ে। গত বছর কাতার বিশ্বকাপে তাঁর নেতৃত্বে আর্জেন্তিনা বিশ্বকাপ জিতেছিল। পিএসজির হয়ে লিগ ১ খেতাবও জিতেছেন। সেই দলে মেসিরই সতীর্থ ছিলেন এমবাপে। ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন এমবাপে। ফাইনালে গোল করার পাশাপাশি দুরন্ত ফুটবল উপহার দেন। ফ্রান্সকে হারিয়ে মেসিরা বিশ্বকাপ জেতেন।
আর্লিং হালান্ড ম্যানচেস্টার হয়ে গত মরশুম দারুণ কাটিয়েছেন। ৫০টি গোল করেছেন, প্রিমিয়ার লিগে সোনার বুট জেতেন। ম্যানচেস্টার সিটিকে ত্রিমুকুট জেতানোর পিছনে অবদান রয়েছে হালান্ডের। উয়েফার বিচারে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন তিনি। বর্ষসেরা কোচের দৌড়ে রয়েছেন ম্যান সিটির পেপ গুয়ার্দিওলা।
ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা একনজরে:
বর্ষসেরা পুরুষ ফুটবলার- জুলিয়ান আলভারেজ, মার্সেলো ব্রোজোভিচ, কেভিন ডি ব্রুইন, ইলকায় গুন্দোয়ান, আর্লিং হালান্ড, রদ্রি, খভিচা কভারাতসখেলিয়া, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ভিক্টর ওসিমেন, ডেক্লান রাইস, বার্নার্দো সিলভা
বর্ষসেরা মহিলা ফুটবলার- আতিয়ানা বোনমাতি, লিন্ডা কাইসেডো, রাচেল ডেলি, কাদিদিয়াতু ডিয়ানি, কেইটলিন ফুর্ড, মেরি ফাওলার, অ্যালেক্স গ্রিনউড, জেনি হারমোসো, লিন্ডসে হোরান, আমান্ডা ইলেসটেৎ, লরেন জেমস, স্যাম কের, মাপি লিওন, হিনাতা মিয়াজাওয়া, সালমা প্যারালুয়েলো, কেইরা ওয়ালশ।
বর্ষসেরা কোচ (পুরুষ দল)- পেপ গুয়ার্দিওলা, সিমোন ইনজাঘি, অ্যাঙ্গে পোস্তেকোগলু, লুসিয়ানো স্পালেত্তি, জাভি।
বর্ষসেরা কোচ (মহিলা দল)- পিটার গেরারসন, জনাতন গিরালেজ, টনি গুস্তাভাসন, এমা হেইস, সারিনা উইগম্যান।
বর্ষসেরা পুরুষ গোলকিপার- ইয়াসিন বুনু, থিবো কুর্তোয়া, এডারসন, আন্দ্রে ওনানা, মার্ক-আন্দ্রে তার স্টেগেন।












Click it and Unblock the Notifications