ISL: সমর্থকদের বিক্ষোভকে সমর্থন, মহমেডানের বিরুদ্ধে দল গঠন করতেই হিমসিম খাচ্ছেন অস্কার
রবিবার আইএসএলের ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। সুপার সিক্সের আশা আগেই শেষ হয়েছে লাল হলুদ ব্রিগেডের। মহমেডানের বিরুদ্ধে সম্মানরক্ষার ম্যাচ ইস্টবেঙ্গলের। চোট এবং কার্ড সমস্যার জন্য দল গঠন করতে হিমশিম খাচ্ছেন কোচ অস্কার ব্রুজো। ফলে মহমেডানের বিরুদ্ধে কাকে খেলাবেন এটাই ভেবেই অস্থির কোচ অস্কার।
ডিফেন্সে হেক্টরই ভরসা অস্কারের। তবে মাঝমাঠ নিয়ে নতুন করে চিন্তা শুরু হয়েছে অস্কারের। ম্যাচের আগের দিন অনুশীলনই করলেন না নওরেম মহেশ সিং। অনুশীলনে এলেও মাঠে নামলেন না মহেশ। তবে লাল হলুদ শিবির সূত্রের খবর, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন কেন তাঁকে বিশ্রাম দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একান্ত মহেশ খেলতে না পারলে নিশু কুমারকে খেলাতে পারেন অস্কার।

অস্কার বরাবরই আত্মবিশ্বাসী একজন কোচ। সব সময় ইতিবাচক মানসিকতা দেখান। কিন্ত তাঁর আত্মবিশ্বাসই এখন তলানিতে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এ যেন অচেনা অস্কার। চেনা মেজাজ নেই, গলায় নেই আত্মবিশ্বাসের সুর। হতাশার কথা গোপনও করলেন না। ম্যাচের আগের দিন অস্কার বলেন, আমাদের সুপার সিক্সে যোগ্যতা অর্জন করা একপ্রকার অসম্ভবই। তবে আমাদের চেষ্টা করে যেতে হবে, কিছুচটা হলেও সুযোগ আছে।
তবে লাল হলুদ এখন পুরোপুরি ছিটকে যায় নি। ইস্টবেঙ্গলের এখন ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট। ১১ নম্বরে আছে অস্কারে দল। ছয় নম্বরে থাকা মুম্বইয়ের ২০ ম্যাচে ৩১ পয়েন্ট। ফলে ইস্টবেঙ্গলকে প্রথম ছয়ে শেষ করতে হলে অন্তত ৩১ পয়েন্ট পেতেই হবে। কিন্ত এর জন্য নিজেদের পরের ম্যাচগুলো জিতলেই হবে না, একইসঙ্গে অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছেন। যদিও কোচ বিক্ষোভকে সমর্থন করছেন। তাঁর কথায়, সমর্থকদের সম্পূর্ণ অধিকার আছে বিক্ষোভ করার। সমর্থকপুষ্ট ক্লাব ইস্টবেঙ্গল। দীর্ঘদিন সাফল্য না পেলে তাঁরা ক্ষুব্ধ হবেনই। তাঁরা হতাশ হয়ে যাচ্ছেন, এই ফলাফল দেখে। আমাদের সবাইকে এর দায় নিতে হবে। শুধু কোচ ফুটবলারদের দায়ী করলেই হবে না ম্যানেজমেন্টকেও দায় নিতে হবে। ইস্টবেঙ্গলে আমাদের থাকা উচিৎ নয়। আমি আশা করব আগামী মরশুমে কর্তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গঠন করবেন।
ক্যামেরুনের স্ট্রাইকার রাফায়েল এরিক মেসি বৌলিকে দলে নিয়েছে ইস্টবেঙ্গলও। সদ্য দলের সঙ্গে এসেছেন। মহমেডানের বিরুদ্ধে কোচ তাঁকে খেলাবেন। তিনিও কিন্ত সমর্থকদের বিক্ষোভকে সমর্থন জানালেন। সেই সঙ্গে বলেন, লাল হলুদের ঐতিহ্যের কথা জানি। আমি চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে দলের মানরক্ষা করার।












Click it and Unblock the Notifications