ISL Derby: ডার্বির প্রথমার্ধে দাপুটে পারফরম্যান্স মোহনবাগান এসজি, বড় ম্যাচে প্রথম গোল ম্যাকলারেনের
উৎসব এবং প্রতিবাদের আবহেই বল গড়াল আইএসএলের মরশুমের প্রথম ডার্বির। এটি কলকাতা ডার্বির ৪০০তম ম্যাচ। খাতায় কলমে এগিয়ে থেকেই বড় ম্যাচে নামল মোহনবাগান এসজি, কারণ ইস্টবেঙ্গল প্রথম চার ম্যাচে পয়েন্টের খাতাই খুলতে পারেননি। প্রথম ৪৫ মিনিট শেষে মোহনবাগান এসজি ১-০ গোলে এগিয়ে আছে। গোল করেছেন জেমি ম্যাকলারেন।
ম্যাচের শুরু থেকে আক্রমণের চাপ বাড়ানোর রণকৌশল নেয় মোলিনার দল। কারণ ইস্টবেঙ্গলের রক্ষণ বেশ দুর্বল সেই সুযোগটা প্রথম থেকেই কাজে লাগাতে চায় সবুজ মেরুন। ৪-৪-২ ছকে খেলেত শুরু করে মোহনবাগান এসজি। অন্যদিকে ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে লাল হলুদ।

ম্যাচে ১১ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না ক্লেইটন। ১৭ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের পাস থেকে বক্সের মধ্যে দুরন্ত শট নেন জেমি ম্যাকলারেন। কিন্তু লাল হলুদ গোল রক্ষক গিলের গায়ে লেগে বল প্রতিহত হয়। এর পরের মিনিটেই হেডে গোল করলেন মনবীর সিং। কিন্ত অফ সাইডের জন্য সেই গোল বাতিল হল। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলই।
লাল হলুদের আক্রমণ মূলত নিয়ন্ত্রিত হতে থাকল তালালকে কেন্দ্র করেই। ম্যাচের ২২ মিনিটে প্রথম কর্ণার পায় লাল হলুদ। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। মোহনবাগান এসজির দুই প্রান্ত দিয়ে আক্রমণ করতে থাকে, ২৪ মিনিটে ফের কর্ণার পায় মোলিনার দল। কিন্তু মনবীরের হেড দুরন্ত সেভ করলেন গিল। পরের মিনিটেই আক্রমণে উঠে লাল হলুদ। ২৫ মিনিটে তালালের শট একটুর জন্য লক্ষ্য ভ্রষ্ট হল।
৩০ মিনিটে লিস্টনের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হল। ম্যাচের ৩৫ মিনিটে স্টুয়ার্টকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখলেন সৌভিক চক্রবর্তী। ৪০ মিনিটে গোলের খাতা খুলল মোহনবাগান এসজি। গোল করলেন জেমি ম্যাকলারেন। মনবীরের পাস থেকে গোল করলেন অজি তারকা। ফলে ১ গোলে লিড নিয়েই সাজঘরে ফিরল সবুজ মেরুন।
উল্লেখ্য দুই কোচের কাছেই এটা প্রথম ডার্বি ম্যাচ। কারণ এরআগে মোলিনা কোনও দিনই কলকাতা ডার্বির ডাগ আউটে থাকেননি। অন্যদিকে শনিবার ভোরবেলায় কলকাতায় নেমেই সন্ধ্যায় যুবভারতীতে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে অভিষেক হল অস্কার ব্রুঁজোর। ফলে দলকে এখনও বুঝে নেওয়ার আগেই ডার্বিতে কোচিং করাতে নেমে পড়তে হল অস্কারকে।
এরআগে ডুরান্ড কাপের ডার্বি বাতিল হয়ে যায় আরজি কর কাণ্ডের জন্য, যদিও এই বড় ম্যাচের আগেও প্রতিবাদের ধারা অব্যাহত থাকল। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ডার্বি ম্যাচের আগে মানববন্ধন দুই প্রধানের সমর্থকদের। এত বিশাল মানববন্ধন অতীতে কলকাতায় খুব কমই দেখা গেছে। উল্টোডাঙ্গা মোড় থেকে রুবি মোড় পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে সামিল হলেন দুই দলের সমর্থকরা।












Click it and Unblock the Notifications