ISL 2024-25: ইস্টবেঙ্গলের হেড কোচ হলেন অস্কার ব্রুজো, ভারতের পাশাপাশি কোচিং করিয়েছেন বাংলাদেশেও
ISL 2024-25: কার্লেস কুয়াদ্রাতের বিকল্প চূড়ান্ত করল ইস্টবেঙ্গল। চলতি মরশুমের শেষ পর্যন্ত হেড কোচের দায়িত্ব সামলাবেন অস্কার ব্রুজো। আইএসএলে টানা চারটি ম্যাচ হেরে অস্বস্তিতে রয়েছে লাল হলুদ।
স্পেনের ব্রুজো এর আগে ভারতের পাশাপাশি কোচিং করিয়েছেন বাংলাদেশেও। বাংলাদেশের বসুন্ধরা কিংস তাঁর কোচিংয়ে একাধিক খেতাব জিতেছে। এ ছাড়াও স্পোর্টিং ক্লুব দ্য গোয়া, মুম্বই সিটি এফসি, মুম্বই এফসির কোচ ছিলেন ব্রুজো।

এএফসি টুর্নামেন্ট-সহ এশীয় ফুটবলে দারুণ ট্র্যাক রেকর্ড থাকা ব্রুজোর কোচিংয়ে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী ইমামি গ্রুপের বিভাস বর্ধন আগরওয়াল। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ব্রুজো সফলতম কোচ। তাঁর কোচিংয়ে লিগের ১১৪টি ম্যাচে ৯৪টিতে জিতেছে বসুন্ধরা কিংস।
ব্রুজোর কোচিংয়ে ২০১৮ থেকে ২০২৪ অবধি বসুন্ধরা কিংস সাতটি ম্যাচে হেরেছে, ড্র করেছে ১৩টি ম্যাচ। টানা পাঁচবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেতাব জিতেছে। এ ছাড়াও বসুন্ধরা কিংস ব্রুজোর কোচিংয়েই ৩ বার ইন্ডিপেনডেন্স কাপ জিতেছে, তিনবার জিতেছে ফেডারেশন কাপ। ১১৪ ম্যাচে ২৭৭টি গোল করেছে, গোল হজম করেছে ৮০টি।
২০২১ সালে বাংলাদেশ দলের অন্তর্বর্তী কোচও হয়েছিলেন অস্কার ব্রুজো। এএফসির টুর্নামেন্টে ব্রুজোর কোচিংয়ে মলদ্বীপের নিউ র্যাডিয়েন্ট এফসি ও বসুন্ধরা কিংস মোট ১৯টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় এসেছে ১১টিতে। গত বছর এএফসি কাপে দুটি আইএসএল ক্লাবকে হারিয়েও শেষ অবধি নক আউটে যেতে পারেনি বসুন্ধরা কিংস।
ফুটবলার হিসেবে ব্রুজো খেলতেন উইঙ্গার ও সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। স্পেনের ক্লাবে কোচিং করানোর পর ভারতে ২০১২ সালে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার দায়িত্ব নেন। ২০১৩-১৪ মরশুমে গোয়ার ক্লাবটি গোয়া প্রফেশনাল লিগ খেতাব জেতে। ২০১৫-১৬ মরশুমে তিনি ছিলেন মুম্বই সিটি এফসির সহকারী কোচ। ২০১৭ সালে আই লিগে মুম্বই এফসির হেড কোচ হন।
ব্রুজোর কোচিংয়ে প্রথম বছরেই মলদ্বীপের নিউ র্যাডিয়েন্ট এফসি ধিভেহি প্রিমিয়ার লিগ, মলদ্বীপ এফএ কাপ, প্রেসিডেন্টস কাপ, মলদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের চ্যারিটি শিল্ড জেতে। এবার অভিজ্ঞ এই কোচের উপরই আস্থা রাখল ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। ইস্টবেঙ্গলে কোচিংয়ের সুযোগ পেয়ে আপ্লুত ব্রুজো সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, ক্লাবের লক্ষ্যপূরণে তিনি সেরাটা দিয়েই সচেষ্ট হবেন।
ইস্টবেঙ্গলকে আইএসএলের পাশাপাশি এএফসি টুর্নামেন্টেও সাফল্য এনে দিতে বদ্ধপরিকর ব্রুজো। দায়িত্ব নিচ্ছেন মরশুমের মাঝপথেই। দলের ট্রেনিং পদ্ধতি দেখে নিজের মতো করে পরিকল্পনা করবেন, যাতে দ্রুত মানিয়ে নিতে সুবিধা হয় ফুটবলারদের। ফুটবলারদের থেকে সেরাটা বের করে আনা, জেতার মানসিকতা তৈরিতে জোর দিতে চান। ভালো পারফরম্যান্সের মাধ্যমে সমর্থকদের স্বস্তি দিতেই প্রত্যয়ী ব্রুজো।












Click it and Unblock the Notifications