ISL 2023-24: আইএসএলে ডার্বিতে অপ্রতিরোধ্য মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল কাঙ্ক্ষিত প্রথম জয়ের সন্ধানে
ISL 2023-24: আইএসএলের কলকাতা ডার্বিতে ফের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে কখনও সবুজ মেরুনকে হারাতে পারেনি লাল হলুদ।
চলতি আইএসএলে প্রথম সাক্ষাতে সেই সম্ভাবনা জাগালেও শেষ অবধি ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলে। কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু রাত সাড়ে ৮টা থেকে।

ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ যুবভারতীতে আইএসএল ডার্বির আয়োজক ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কাল ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। আইএসএলের সুপার সিক্সে যেতে ইস্টবেঙ্গলের টার্গেট বাকি চারটি ম্যাচের চারটিতেই জেতা। অন্যদিকে, মোহনবাগান SG কাল জিতলে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে।
এবারের আইএসএলের প্রথম সাক্ষাতে ৩ মিনিটে অজয় ছেত্রীর করা গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ১৭ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলের সৌজন্যে সমতা ফেরায় মোহনবাগান এসজি। বিরতিতে ফল ছিল ১-১। ৫৫ মিনিটে ক্লেইটন সিলভা পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন লাল হলুদকে। যদিও ৮৭ মিনিটে দিমিত্রি পেত্রাতস ম্যাচ ২-২ করেন।
আইএসএলে প্রথম কলকাতা ডার্বিটি হয়েছিল ২০২০ সালের ২৭ নভেম্বর। এটিকে মোহনবাগান ২-০ গোলে পরাস্ত করেছিল এসসি ইস্টবেঙ্গলকে। ৪৯ মিনিটে রয় কৃষ্ণ ও ৮৫ মিনিটে মনবীর সিং গোল করেন। ফিরতি ডার্বি সবুজ মেরুন জেতে ৩-১ গোলে। সেই ম্যাচটি হয়েছিল ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি।
১৫ মিনিটে গোল করেছিলেন রয় কৃষ্ণ। এরপর ৪১ মিনিটে হোসে লুইস এস্পিনোসা আরোয়ার আত্মঘাতী গোলে সমতা ফেরায় লাল হলুদ। যদিও ৭২ মিনিটে ডেভিড উইলিয়ামস ও ৮৯ মিনিটে জাভি হার্নান্দেজের গোলের সুবাদে তিন পয়েন্ট ঘরে তুলেছিল বাগান।
২০২১-২২ মরশুমে আইএসএলে কলকাতা ডার্বি হয় ২৭ নভেম্বর। এটিকে মোহনবাগান ৩-০ গোলে হারিয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। ১২ মিনিটে রয় কৃষ্ণ, ১৪ মিনিটে মনবীর সিং ও ২৩ মিনিটে লিস্টন কোলাসো গোল করেন। এরপর ফিরতি ডার্বিটি হয়েছিল ২০২২ সালের ২৯ জানুয়ারি।
সেবার ফিরতি ডার্বির প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৬ মিনিটে ড্য়ারেন সি়ডোয়েলের গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচও ১-৩ ব্যবধানে হেরে যায় লাল হলুদ। পরিবর্ত হিসেবে নামা কিয়ান নাসিরি গিরি হ্যাটট্রিক করেলেন। একটি গোল ৬৪ মিনিটে, বাকি গোল দুটি দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে।
২০২২-২৩ মরশুমে আইএসএলের ডার্বিতেও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে চূর্ণ করেছিল এটিকে মোহনবাগান। ম্যাচটি হয়েছিল ২০২২ সালের ২৯ অক্টোবর। প্রথমার্ধে ভালোই খেলেছিল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। কিন্তু দ্বিতীয়ার্ধে হুগো বুমোস ৫৬ মিনিটে সবুজ মেরুনকে এগিয়ে দেন। মনবীর সিংয়ের গোল আসে ৬৫ মিনিটে।
ফিরতি সাক্ষাতে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারায় এটিকে মোহনবাগান। ৬৮ মিনিটে স্লাভকো ডামজানোভিচ এবং ম্যাচের শেষ লগ্নে গোল করেছিলেন দিমিত্রি পেত্রাতোস।
২০২৩-২৪ মরশুমে ডুরান্ড কাপে প্রথমে ইস্টবেঙ্গল জিতলেও ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরে গিয়েছিল। সুপার কাপে অবশ্য সবুজ মেরুন বধ সারে লাল হলুদ। চলতি বছরে বাগানের কাছে হারেনি লাল হলুদ। কাল প্রথম জয়ের অপেক্ষায় লাল হলুদ শিবির এবং অবশ্যই ফুটবলপ্রেমীরা।












Click it and Unblock the Notifications