ওড়িশা’কে হাফ ডজন গোলের মালা পরাল নিজাম শহরের দল
শক্তিশালী ওড়িশা এফসি'কে হাফ ডজন গোলে উড়িয়ে দিল হায়দরাবাদ এফসি। বাম্বোলিমের জিএমসি অ্যাথেলেটিক স্টেডিয়ামে ওড়িশ'কে ৬-১ গোলে উড়িয়ে দিল নিজামের শহরের দল।

ম্যাচের প্রথমার্ধেই নাইজেরিয় স্ট্রাইকার বার্থেলোমিউ ওগবেচের দুই গোলের ম্যাচে টিউন সেট করে দিয়েছিল। এই ম্যাচে জয়ের ফলে লিগ টেবলের দ্বিতীট স্থানে উঠে এল হায়দরাবাদ এফসি। লিগ টপার মুম্বই সিটি এফসি'র থেকে পিছিয়ে মাত্র এক পয়েন্টে। ওড়িশার বিরুদ্ধে মাঠে নামার আগে গত ম্যাচের দলে মাত্র দু'টি পরিবর্তন করেন হায়দরাবাদের কোচ মানোলো মার্কুইজ। এ দিন হায়দরাবাদের জার্সিতে অভিষেক হয় নিম দর্জি তামাং-এর। অন্য দিকে, গত ম্যাচের দলের চার ফুটবলার পরিবর্তন করেন ওড়িশা কোচ। চোটের কারণে বেশ কিছু ম্যাচে খেলতে না পারা সাহিল পানওয়ার'কে দলে ফেরানো হয়।
ম্যাচে ৯ মিনিটে ওড়িশা'র হেক্টর রোদাসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় হায়দরাবাদ এফসি। কিন্তু ম্যাচে ১৬ মিনিটেই সমতা ফিরিয়ে আনেন কিকো রামিরেজের দল। এটিও ছিল আত্মঘাতী গোল। ডেডলক ভাঙতে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল হায়দরাবাদ'কে। এডু গার্সিয়া'র কর্নার থেকে জোরালো হেডে ২-১ গোলে হায়দরাবাদ'কে এগিয়ে দেন ওগবেচে। ২-১ গোলে লিড নিয়ে মাঠ ছাড়ে হায়দরাবাদ।
দ্বিতীয়ার্ধের পুরোটাই ছিল হলুদ ঝড়। ম্যাচের ৫৪ মিনিটে যে ঝড় শুরু হয়েছিল তা গিয়ে থামে ৮৬ মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ক্রমাগত আক্রমণ তৈরির করার ফসল প্রথম ১০ মিনিটের মধ্যেই পায় হায়দরাবাদ। হিতেশ শর্মা'র থেকে পাওয়া বলের উপর দুর্দান্ত কন্ট্রোল রেখে হায়দরাবাদ'কে ৩-১ গোলে এগিয়ে দেন এডু গার্সিয়া। স্প্যানিশ তারকার ছয় মিনিটের মধ্যে ফের গোল তুলে নেয় হলুদ জার্সিধারীরা। ম্যাচে দ্বিতীয় গোল করে হায়দরাবাদ'কে ৪-১ গোলে এগিয়ে দেন প্রথম দুই গোলের নায়ক বার্থেলোমিউ ওগবেচে। ওড়িশা'র ফুটবলারের থেকে বল ছিনিয়ে নিয়ে অঙ্কিত যাদবের উদ্দেশ্যে বাড়িয়ে দেন এডু গার্সিয়া। তরুণ ভারতীয় ফরোয়ার্ডের থেকে পাওয়া বল থেকে গোল করে যান ডি বক্সের মধ্যে সব সময়ে গোলের গন্ধ পাওয়া এই নাইজেরিয়।
৭২ মিনিটে হায়দরাবাদ পঞ্চম গোলটি তুলে নেয় সুপার সাব জাভিয়ার সিভেরিও-এর মধ্যে দিয়ে। মাঠে আসার চার মিনিটের মাথায় জুয়ানানের পাস থেকে গোল করে যান জাভিয়ার। ওড়িশা'র কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জোয়াও ভিক্টর। নিজেদের বক্সে ওড়িশার গৌরব বোরা জাভিয়ার সিভেরিও'কে ফাউল করলে পেনাল্টি পায় হায়দরাবাদ এফসি। স্পট কিক থেকে নিজামের শহরের দলকে ছয় নম্বর এনে দিতে ভুল করেননি ভিক্টর।












Click it and Unblock the Notifications