মিশরের বিরুদ্ধে নামছে উরুগুয়ে, সালাহ না সুয়ারেস কে কাকে ছাপিয়ে যাবেন, পড়ুন প্রিভিউ
শুক্রবার একে অপরের বিরুদ্ধে নামছে মিশর ও উরুগুয়ে।
শুক্রবার একে অপরের বিরুদ্ধে নামছে মিশর ও উরুগুয়ে। অনেক আশা নিয়ে বিশ্বকাপের মঞ্চে উরুগুয়ের বিরুদ্ধে নামছে মিশর। দলের সবচেয়ে বড় ভরসা লিভারপুলে খেলা মহম্মদ সালাহ। তিনি চোট পেয়ে প্রায় বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে বসেছিলেন। তবে শেষ অবধি চোট সারিয়ে প্রথম দলে ফিরছেন। এবং খবর প্রথম ম্যাচেই উরুগুয়ের বিরুদ্ধে নামছেন সালাহ।

অন্যদিকে উরুগুয়ে ধারে-ভারে, ফুটবল ঐতিহ্যে মিশরের চেয়ে অনেকটাই এগিয়ে। ১৯৩০ সালে সেদেশে ফুটবলের আসর বসেছিল। তারপরে মোট ২ বার তাঁরা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন। ফলে কোনওভাবেই হেলাফেলা করার পাত্র নয়।
গ্রুপ এ থেকে দুই দলই ইতিবাচকভাবে বিশ্বকাপ শুরু করার লক্ষ্যে নামছে। এই গ্রুপে আর দুটি দল রাশিয়া ও সৌদি আরব। রাশিয়া ঘরের মাঠে খেলায় অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। ফলে প্রথম দুটি স্থানের লড়াই বেশ উপভোগ্য হতে চলেছে।
মিশরের কোচ হেক্টর কুপারের দল আফ্রিকা কাপ অব নেশনস সাতবার জিতেছে। তবে বিশ্বকাপ এক অন্য মঞ্চ। এখানে নিজেদের প্রমাণ করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। অনেক স্কিলের প্রয়োজন রয়েছে। আর উরুগুয়ের মতো দল যাঁরা যথেষ্ট অভিজ্ঞ তাদের সঙ্গে পাল্লা দেওয়া সহজ হবে না।
১৯৯০ সালের পরে এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামছে মিশর। আর যিনি মিশরকে এই মঞ্চে তুলে এনেছেন, তিনি মহম্মদ সালাহ। ফলে গোটা দেশের নজর রয়েছে তাঁর উপরে। গত অক্টোবরে কঙ্গোর বিরুদ্ধে পেনাল্টিতে গোল করে দেশকে বিশ্বকাপে তোলেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আঘাত কাটিয়ে তিনি এখন সুস্থ। তবে গত ছয়টি আন্তর্জাতিক ম্যাচে কোনও জয় নেই মিশরের। তিনটিতে হার ও তিনটিতে ড্র করতে হয়েছে। ফলে বিশ্বকাপে সালাহ ফর্মের উপরে পুরোটা নির্ভর করছে।
গ্রুপ এ-র সবচেয়ে বড় দল উরুগুয়ে। তবে লুই সুয়ারেসের দেশ শেষবার বিশ্বকাপ তুলেছিল ১৯৫০ সালে। তারপরে সেরা পারফরম্যান্স ২০১০ সালে। সেবার সেমিফাইনালে পৌঁছয় ফোরলানের দল। তবে ৩-২ গোলে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নেয়।
উরুগুয়ের স্ট্রাইকিংয়ে এডিসন কাভানি ও লুই সুয়ারেস সবচেয়ে বড় ভরসা। গত ছয় ম্যাচে মাত্র ১টিতে হেরেছে দল। তিনটিতে জয় ও ২টি ড্র হয়েছে। ফলে অস্কার তাবারেসের দল চনমনে হয়েই বিশ্বকাপে নামছে।
এর আগে ২০০৬ সালে মাত্র ১বারই মিশর ও উরুগুয়ের ম্যাচ হয়েছে। সেবার ২-০ গোলে উরুগুয়ে জেতে।












Click it and Unblock the Notifications