Exclusive: বাগানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় ফুটবল সহ বিভিন্ন বিষয়ে মুখ খুললেন বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন
Exclusive: বাগানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় ফুটবল সহ বিভিন্ন বিষয়ে মুখ খুললেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন
এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে বসুন্ধরা কিংস। গ্রুপের শক্তিশালী দল এটিকেএমবি প্রথম ম্যাচে হারার ফলে বসুন্ধরার বিরুদ্ধে যে দাঁত-নোখ বার করে ঝাঁপাবে তা ভাল মতো জানেন বাংলাদেশের দলটির কোচ অস্কার ব্রুজোন। এএফসি কাপে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে মুখ খুললেন লা লিগার দল আরসিডি মালোরকার প্রাক্তন সহকারী কোচ।

প্রশ্ন: এটিকে মোহনবাগানের বিরুদ্ধে অন্যতম কঠিন ম্যাচ খেলতে চলেছেন আপনারা। এই ম্যাচের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন?
অস্কার ব্রুজোন: এই পর্যায়ের ফুটবলে প্রতিটা প্রতিপক্ষই কঠিন এবং প্রত্যেকেরই ক্ষমতা প্রায় একই রকম। সম্ভবত খুব কম ব্যবধানে গ্রুপের ভাগ্য নির্ধারন হবে, তাই শীর্ষ স্থানে শেষ করতে হলে শিখতে হবে কঠিন ম্যাচের সময় কী ভাবে খেলাটা উপভোগ করতে হয় এবং নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে।
প্রশ্ন: আইএসএ-এ গত মরসুমে এটিকেএমবি'র খেলা দেখেছেন। কেমন লেগেছে আপনার দলটিকে?
অস্কার ব্রুজোন: আমি কখনওই ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে করা বিশ্লেষণ বা গেম প্ল্যান শেয়ার করি না। জেতার জন্য প্রতিযোগীতামূলক এবং কৌশলগত সাফল্য পাওয়ার জন্য আমরা সব সময়ে এই বিষয়গুলি দলের মধ্যেই সীমাবদ্ধ রাখি। হ্যাঁ, গত দুই মরসুমে আমরা এটিকে মোহনবাগানের সব ম্যাচ দেখেছি এবং তা নিয়ে বিশেষণও করেছি দলের মধ্যে।

প্রশ্ন: আপনি দীর্ঘদিন আইএসএল-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং কাছ থেকে ভারতীয় ফুটবলকে দেখেছেন। এখন বাংলাদেশের ফুটবলকে দেখছেন। ফুটবলের বিচারে এই দুই দেশের পার্থক্যটা কোথায়?
অস্কার ব্রুজোন: দুই দেশের সেরা ক্লাবগুলির পারফরম্যান্সের বিচার করলে সেখানে বিশেষ কোনও ফারাক নেই। সম্প্রতিকালে এএফসি কাপের ফলাফল দেখলেই সেটা বোঝা যায়। আমরা সেরা ভারতীয় ক্লাবগুলির সঙ্গে ভাল মতো লড়াই চালাতে পারি। বাংলাদেশের জাতীয় দলও ভারত সহ অন্যান্য দলের বিরুদ্ধে সাফ টুর্নামেন্টের গত সংস্করণে ভাল লড়াই করেছে। তবে হ্যাঁ, এটা সত্যি পরিকাঠামো, কভারেজ এবং ব্রডকাস্টিং, মিডিয়া এবং সমর্থকদের উদ্দীপনা এবং বিনিয়োগের দিক থেকে ভারত এগিয়ে রয়েছে।

প্রশ্ন: ফিফা ২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর এই বছর ভারতে আয়োজিত হতে চলেছে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। কী মনে করেন, বিশ্ব ফুটবলের মানচিত্রে ভারত পরিচিতি পাচ্ছে? আপনার মতে ভারতীয় ফুটবলের উন্নতিতে কতটা অবদান রয়েছে আইএসএল-এর?
অস্কার ব্রুজোন: এখনও অনেক পথ হাঁটা বাকি এবং অনেক কিছু এখনও করতে হবে। বড় প্রতিযোগীতায় বিনিয়োগ করা বা শীর্ষ তারকাদের নিয়ে আসা নজরকাড়তে বা আগ্রহ বাড়াতে পারে কিন্তু ঠিক মতো ডেভলপমেন্ট যাকে বলে তার সঙ্গে এর কোনও যোগাযোগ নেই।

প্রশ্ন: ১৩৫ কোটি জনগনের দেশ প্রত্যাশিত সাফল্য কেন পাচ্ছে না? কী মনে হয় আপনার?
অস্কার ব্রুজোন: সম্প্রতিকালে গ্রাসরুট প্রোগ্রাম এবং ডেভেলপমেন্ট লিগের দিকে যে নজর দেওয়া হয়েছে তা অবশ্যই মাঝামাঝি সময়ে গিয়ে ফলপ্রসূ হবে। তরুণ খেলোয়াড়দের উপযুক্ত পদ্ধতির বিকাশ এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে আরও মনযোগ দিতে হবে।












Click it and Unblock the Notifications