রোনাল্ডো আসার পর থেকে ডেসার্ট খেতেই ভুলে গিয়েছেন ম্যান ইউ ফুটবলাররা
ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইংল্যান্ডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করার পর অনেক কিছুই বদলে গিয়েছে ম্যাচেস্টার ইউনাইটেডের অন্দরে। রোনাল্ডো'র অন্তর্ভুক্তি যেমন পরিবর্তন এনেছে দলের খেলায় তেমনই বাকি ফুটবলারদের রুটিনেও পড়েছে রোনাল্ডো এফেক্ট।

আইভরি কোস্টের জাতীয় দলের ফুটবলার এবং ম্যানচেস্টার ইউনাইটেডে সিআর সেভেন-এর সতীর্থ এরিক বেইলি জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর প্রত্যাবর্তন মাঠে এবং মাঠের বাইরে দলের সতীর্থদের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। 'দ্য সান'-এর খবর অনুযায়ী বেইলি বলেছেন, "আমরা ডিসার্ট খাওয়া বন্ধ করে দিয়েছি। সব প্লেয়ার'রাই বন্ধ করে দিয়েছে কারণ এটা করাটা ভাল। কোনও একটা সময়ে পরিবর্তনটা প্রয়োজন। দীর্ঘ সময় ধরে (ফুটবল সার্কিটে) সেরার শিরোপা ধরে রেখেছে রোনাল্ডো। কেন? আপনার শরীরের খেয়াল আপনাকেই নিতে হবে।"
চলতি মরসুমের শুরুতেই জুভেন্তাস'কে বিদায় জানিয়ে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড-এ সই করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা'কে সই করালেও এখনও পর্যন্ত চেনা ছন্দে পাওয়া যায়নি ম্যান ইউ'কে। ১৯ ম্যাচের মধ্যে ছ'টি ম্যাচেই হেরেছে রেড ডেভিলস'রা।
মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে উলভসের বিরুদ্ধে হারতে হয়েছে রোনাল্ডোর দলকে। হ্যারি ম্যাগুয়ার না খেলায় তাঁর পরিবর্তে এই ম্যাচে দলনেতার দায়িত্ব পালন করেন রোনাল্ডো। ম্যাচের শেষ মুহূর্তে জাও মৌতিনহো'র গোলে রেড ডেভিলস'কে হারায় উলভারহ্যাম্পটন। পর্তুগলে জাতীয় দলে রোনাল্ডোর সতীর্থ মৌতিনহোর গোলে শেষ পর্যন্ত হার স্বীকার করতে হলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়েছিলেন রোনাল্ডো। ম্যাসন গ্রিনউড, এডিনসন কাভানি যদি রোনাল্ডো'কে যোগ্য সঙ্গত দিতে পারতেন তা হলে এই ম্যাচ থেকে অন্তত খালি হাতে ফিরতে হত না ম্যানচেস্টার ইউনাইটেড'কে।
এই মুহূর্তে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সপ্তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি'র পয়েন্ট ৫৩। ২১ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে "সিটিজেনস"-রা।












Click it and Unblock the Notifications