ডার্বিতে রশিদ না থাকায় পরিকল্পনা বদল ইস্টবেঙ্গলের, হিরো আর ভিলেনের কথা বলে তাতাচ্ছেন কোচ
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কাল ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি মরশুমে কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগান এসজিকে হারিয়েছে লাল হলুদ। তবে কালকের ম্যাচে দুই প্রধান মূল দল নামাচ্ছে। সে কারণেই এই লড়াই হবে অন্য মাত্রার। ইস্টবেঙ্গল সিনিয়র দল শেষ ডার্বি জেতে ২০২৩-২৪ সুপার কাপে। তারপর ডার্বিতে মশাল জ্বলেনি। কালকের ম্যাচের আগে ধাক্কাও খেয়েছে লাল হলুদ। বাবার মৃত্যুসংবাদ পেয়ে রশিদ দেশে ফেরায় মাঝমাঠ নিয়ে নতুন পরিকল্পনা করতে হচ্ছে অস্কার ব্রুজোকে।
লাল হলুদ কোচ বেশ সাবধানী। সমীহ করছেন মোহনবাগান এসজিকে। তাঁর কথায়, আবেগ নিয়ন্ত্রণে রেখে ম্যাচে ফোকাস রাখতে হবে। ডার্বির ফলাফলের উপর নির্ভর করে কে নায়ক হবেন, কে হবেন খলনায়ক। বিশেষজ্ঞদের মতে, বিগত বছরগুলোর চেয়ে ইস্টবেঙ্গল দল এবার অনেকটাই গোছানো। অনেক আগে যেমন অনুশীলন শুরু করে ছন্দে আছে দল, তেমনই মোহনবাগানের ফুটবলাররা অনেক দেরিতে আসায় প্রস্তুতির সুযোগ তেমন পাননি। তবে ডার্বি সব সময়েই ফিফটি-ফিফটি।

ডার্বি জিতে ডুরান্ড কাপের সেমিফাইনালই পাখির চোখ টিম লাল হলুদের। ইস্টবেঙ্গল শিবিরে এ বার নানা পরিবর্তন এসেছে। একাধিক নতুন বিদেশি প্লেয়ারকে সই করানো হয়েছে। গ্রুপ লিগে তাঁদের ঝলকও দেখা গিয়েছে। এই নতুন বিদেশিদের একজন মহম্মদ রশিদ। প্যালেস্তাইনের এই ফুটবলার গ্রুপে সীমিত সুযোগে নজর কেড়েছেন। কিন্তু বাবার মৃত্যুর কারণে রশিদকে বড় ম্যাচে পাওয়া যাবে না। ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী বলেন, 'রশিদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে আমাদের। ও নেই ঠিকই। ডার্বি জিতে তা ওকে উৎসর্গ করতে চাই। রশিদের জন্য এই ডার্বিটা জিততে চাই।"
সৌভিকের কথায়, বড় ম্যাচ সব সময় আবেগের। সব সময় ৫০-৫০। আমরা গ্রুপ পর্বে ভালো খেলেছি। আশা করছি ডার্বিতেও ভালো ফল হবে। ডার্বি পুরোপুরি নির্ভর করে সেই দিনের পারফরম্যান্সের উপরে ই। ব্যক্তিগত টার্গেটও তো থাকেই। সমর্থকদের কথা ভেবে জিততে চাই। প্রত্যেকটা ডার্বির আলাদা গুরুত্ব আছে।
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বললেন, রশিদের বিষয়টা বেশ বেদনাদায়ক। কী করা যাবে যা আছে তাই নিয়ে খেলতে হবে। তবে আমার এই দল মোহনবাগানকে হারানোর ক্ষমতা রাখে। মোহনবাগান অবশ্যই বড় দল। তবে ওদের নিয়ে না ভেবে নিজেদের বিষয়তেই ফোকাস করতে চাই। সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, অনেক দিন ধরে খারাপ সময়ে গিয়েছে। তবে আমরা এগোচ্ছি। আপনারা খারাপ সময়ে পাশে ছিলেন বলে ধন্যবাদ। এভাবেই দলের জন্য গলা ফাটান। ব্রুজো জানিয়েছেন, জয় গুপ্তা এলেও তাঁকে ডার্বিতে পাওয়া যাবে না। পর্যাপ্ত অনুশীলনের পরেই তাঁকে সুযোগ দেবে দল।












Click it and Unblock the Notifications