Copa America 2024: কোপা আমেরিকার শুরুতেই হোঁচট খেল ব্রাজিল, কোস্টা রিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র
Copa America 2024: কোপা আমেরিকার শুরুতেই হোঁচট খেল ব্রাজিল। সোফি স্টেডিয়ামে গোলশূন্য ড্র করল কোস্টা রিকার বিরুদ্ধে।
যদিও গ্রুপ ডি-র এই ম্যাচে আধিপত্য নিয়েই খেলেছে গতবারের রানার-আপরা। সেই সঙ্গে ভাগ্যও সঙ্গে ছিল না ব্রাজিলের।
বল দখলের শতাংশের নিরিখে ব্রাজিল ৭৪-২৬ ব্যবধানে এগিয়ে ছিল। ব্রাজিলের টার্গেটে শট তিনটি, কোস্টা রিকার শূন্য। এতেই বোঝা যাচ্ছে ব্রাজিল কতটা আধিপত্য নিয়ে খেলেছে। কিন্তু তরুণ ফুটবলারদের নিয়ে গড়া দল আসল কাজের কাজটাই করতে পারেনি।
মার্কিনহো একবার বল জালে জড়িয়েছিলেন। যদিও ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে অফ-সাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। লুকাস পাকেতার শট পোস্টে প্রতিহত হয়। ২০১৬ সালের পর এই প্রথম কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচ ব্রাজিল জিততে পারল না।
যার ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখলে নিতে পারল না ব্রাজিল। কলম্বিয়া এদিনই ২-১ গোলে প্যারাগুয়েকে পরাস্ত করায় শীর্ষে রয়েছে। ব্রাজিল যে সুযোগগুলি তৈরি করেছিল তাতে প্রথমার্ধেই এগিয়ে থাকা উচিত ছিল। ভিন্সিয়াস জুনিয়র ছন্দে নেই দেখে পরিবর্তনের পথেও হাঁটেন ব্রাজিলীয় কোচ ডরিভাল জুনিয়র।
শেষ ২০ মিনিটে মাঠে ছিলেন এন্ডরিক, স্যাভিনহোরা। তাতেও গোলমুখ খোলেনি। যদিও মাঠে নামার পর এই দুই ফুটবলারের তাগিদ নজর কেড়েছে, মাঝেমধ্যেই বিপজ্জনক হয়ে উঠছিলেন তাঁরা। শেষ অবধি ব্রাজিল লিড নেওয়ার চেষ্টা করলেও তৎপর ছিলেন প্যাট্রিক সেকেইরা।
কোপা আমেরিকা ৮ বছর আগে হয়েছিল আমেরিকায়। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার তারকা নেইমারকে পাওয়া যায়নি। ফলে সেটাও ব্রাজিলের কাছে ধাক্কা। চোটের কারণে তিনি খেলতে পারছেন না। অবশ্য কোস্টা রিকা ম্যাচ তিনি ভিআইপি দর্শকাসনে বসেই দেখেছেন।
৮ বছর পর হিসেবে কোপা আমেরিকা খেলার যোগ্যতা অর্জন করেছে কোস্টা রিকা। তারা শুরু করেছিল আন্ডারডগ হিসেবেই। ব্রাজিলের বিরুদ্ধে গোল হজম না করে ড্র রাখতে পারা তাদের কাছে নৈতিক জয়েরই সামিল। ২০০৪ সালের পর কোস্টা রিকা গ্রুপ পর্বের বাধা পার করতে পারেনি। এবার কী হয় তা বলবে সময়।
১০ বছর আগে অবশ্য বিশ্বকাপে চমক দিয়েছিল কোস্টা রিকা। উরুগুয়ে ও ইতালিকে হারিয়ে গ্রুপ ডি-র শীর্ষস্থানের দখলও নেয়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অবধিও গিয়েছিল। এর আগে ব্রাজিলের কাছে টানা ৯টি ম্যাচে পরাস্ত হয়েছিল কোস্টা রিকা। সেখানে এবার গোলশূন্য ড্র রাখা বা ক্লিনশিট বজায় রাখা নিশ্চিতভাবেই কৃতিত্বের। শেষ চারটি প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল হজম করেনি কোস্টা রিকা। যদিও ২০১১ সাল থেকে ধরলে এই প্রথম টার্গেটে একটিও শট রাখতে না পারা তাদের কিছুটা ভাবতে বাধ্য করবে।













Click it and Unblock the Notifications