Premier League: পিছিয়ে পড়ে ড্র করল চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম অ্যাস্টন ভিল্লা ম্য়াচ গোলশূন্য
Premier League: প্রিমিয়ার লিগে আজ পিছিয়ে পড়েও ড্র করল চেলসি। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড ফের হতাশ করল ভক্তদের।
ফলে পয়েন্টের নিরিখে আপাতত ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের কাছাকাছি যেতে পারল না চেলসি। ম্যান ইউ তো এখনও পয়েন্ট তালিকার প্রথম দশের বাইরে।
আজ চেলসি ঘরের মাঠে বিপাকে পড়ে গিয়েছিল। প্রথমার্ধে খেলায় কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের মেজাজও ছিল বেশ চড়া। নটিংহ্যাম ফরেস্টই এদিনের ম্যাচে প্রথমে এগিয়ে যায়। ৪৯ মিনিটে ফরেস্টকে এগিয়ে দেন ক্রিস উড। যদিও এই অগ্রগমন বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
চেলসির ননি মাদুয়েকে ৫৭ মিনিটে গোল করে সমতা ফেরান। ৭৮ মিনিটের মাথায় জেমস ওয়ার্ড-প্রউস ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে বাধ্য হন। বাকি সময় ফরেস্ট ১০ জনে খেললেও জয়সূচক গোলটি পায়নি চেলসি। ফলে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা রইল পয়েন্ট তালিকার চারে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফরেস্ট রইল নয়ে।
এদিনের অপর ম্যাচে ভিল্লা পার্কে অ্যাস্টন ভিল্লা বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। দুই দলই দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। মার্কাস রাশফোর্ডের শট বিপন্মুক্ত করেন এমিলিয়ানো মার্তিনেজ। ইউরি তিয়েলেম্যানের দূরপাল্লার শট বাঁচান আন্দ্রে ওনানা।
৬৮ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের শট ক্রসবারে প্রতিহত হয়। এই ম্যাচ ড্র হওয়ায় ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ভিল্লা রয়েছে পাঁচে। চেলসির সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোলপার্থক্যে তারা পিছিয়ে। ম্যান ইউ রয়েছে ১৪ নম্বরে, ৭ ম্যাচে তাদের রয়েছে ৮ পয়েন্ট।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে যথাক্রমে দুই ও তিন নম্বরে।













Click it and Unblock the Notifications