CFL 2024: বৃষ্টির জন্য শুক্রবার স্থগিত মোহনবাগান এসজির ম্যাচ, কবে আসছেন দলের তারকা বিদেশি?
বুধবার বিকেল থেকেই শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, বৃহস্পতিবার সারাদিন প্রবল বৃষ্টি হয়েছে। শুক্রবার বৃষ্টির তীব্রতা একটু কমলেও আকাশ কিন্ত মেঘলা হয়েছে। বৃষ্টির প্রভাব পড়ল কলকাতা ফুটবলেও। শুক্রবার বৃষ্টির কারণে কলকাতা লিগে মোহনবাগান এসজি-কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের ম্যাচটি বাতিল হয়ে গেল।
লিগের সূচি অনুসারে, ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান এসজি-কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার সকালেই আইএফএ-র পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় প্রবল বৃষ্টির জন্য এই ম্যাচ হবে না।

তবে এই ম্যাচ কবে হবে, সেই বিষয়ে আইএফএ-র তরফ থেকে কিছু জানানো হয়নি। পরবর্তী কালে জানানো হবে ম্যাচের দিনক্ষণ। সবুজ মেরুনের পরের ম্যাচ আগামী ৫ই আগস্ট নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে ইস্টার্ন রেলওয়ে দলের বিপক্ষে ।
গাঙ্গেয় বঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তা আগেই জানিয়েছিল আলিপুর। বৃহস্পতিবার তা কিছুটা পূর্ব দিকে সরেছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্তের অবস্থান গাঙ্গেয় বঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর। সমুদ্রপৃষ্ঠ থেকে তা ৭.৬ কিলোমিটার বিস্তৃত। এর প্রভাব পড়ল কলকাতা ফুটবলে। শুধু মোহনবাগান এসজি-কালিঘাট নয় প্রিমিয়ারের একাধিক ম্যাচ বাতিল হল।
এবারের কলকাতা ফুটবল লিগে খুব একটা ছন্দে নেই মোহনবাগান এসজি। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্ৰুপ পর্বের ৫ নম্বরে রয়েছে সবুজ-মেরুন শিবির। ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের অভিযান শুরু করেছে সবুজ মেরুন ব্রিগেড। যদিও শেষ ম্যাচে তারা টালিগঞ্জকে বড় ব্যবধানে হারিয়েছিল।
এদিকে শুক্রবার রাতে কলকাতায় আসছেন মোহনবাগান এসজির তারকা বিদেশি গ্রেগ স্টুয়ার্ট।












Click it and Unblock the Notifications