Brazil Beat Ecuador: ছন্নছাড়া ফুটবল খেলেও জয়ের সরণিতে ফিরল ব্রাজিল, রদ্রিগোর গোলে পরাস্ত ইকুয়েডর
Brazil Beat Ecuador: ফিফা বিশ্বকাপের লাতিন আমেরিকান দলগুলির মধ্যে যোগ্যতা অর্জন পর্বে স্বস্তির জয় ব্রাজিলের। টানা তিনটি কোয়ালিফায়ারে হারের পর এই জয় স্বাভাবিকভাবেই স্বস্তির।
কোপা আমেরিকায় হতাশাজনক পারফরম্যান্সের পর এই প্রথম মাঠে নামল ব্রাজিল। আর তাতেই ইকুয়েডরের বিরুদ্ধে এলো এক গোলের ব্যবধানে জয়। যদিও ব্রাজিলের ছন্নছাড়া ফুটবলে মন ভরল না ভক্তদের। উধাও সাম্বা-জাদু!

এই জয়ের ফলে ব্রাজিল পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এলো। বিশ্বকাপের কনমেবল কোয়ালিফায়ারে আর্জেন্তিনা ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে উরুগুয়ে। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ব্রাজিলের ৭ ম্যাচে হলো ১০ পয়েন্ট।
ইকুয়েডর হেরে যাওয়ায় ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ছয়ে। প্রথম ছয়ে থাকা দলগুলিই যাবে ২০২৬ সালের বিশ্বকাপের মূলপর্বে। পাঁচে রয়েছে ভেনেজুয়েলা। ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল উরুগুয়ের কাছে হেরে। এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জয় এলেও মন ভরল না ফুটবলপ্রেমীদের।
ব্রাজিলের পারফরম্যান্স ছিল নিতান্তই সাদামাঠা। বল দখলের লড়াইয়ে আধিপত্য থাকলেও গোলের তেমন সুযোগ তৈরিই করতে পারেনি ব্রাজিল। প্রচুর মিস পাস। আক্রমণভাগের দুর্বলতা প্রকট হলো। ইকুয়েডরের রক্ষণ ভাঙতে চমকপ্রদ কৌশলও চোখে পড়েনি।
ব্রাজিল প্রথমার্ধে যে দুটি শট টার্গেটে রাখতে পেরেছিল তা রদ্রিগোর সৌজন্যেই। প্রথমে তাঁর একটি ফ্রি কিক বাঁচান ইকুয়েডরের গোলকিপার। ২৯ মিনিটে রদ্রিগোর শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে অভিমুখ বদলে জালে জড়িয়ে যায়, তা রুখতে পারেননি ইকুয়েডরের গোলরক্ষক।
বিরতির আগে সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিল ইকুয়েডর। প্রতি আক্রমণে গিয়ে। মোজেস কাইসেডোর প্রয়াস রুখে দেন ব্রাজিলীয় ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেজ। শেষ মুহূর্তে গোল-লাইন ক্লিয়ারেন্সের মাধ্যমে। ব্রাজিলের দ্বিতীয়ার্ধের খেলা ছিল আরও বেশি ছন্নছা়ড়া। ভিনসিয়াস জুনিয়রের একটি শট বাদে আর কোনওটি টার্গেটেও রাখতে পারেননি ব্রাজিলীয় ফুটবলাররা।
রদ্রিগো ম্যাচের পর ব্রাজিলীয় টিভি গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমাদের এই জয়টা দরকার ছিল। যে কোনও মূল্যে। তা ভালো খেলেই হোক, বা খারাপ খেলে। নিজে গোল করতে পেরেছি, দল জিতেছে, ফলে ভালো লাগছে। আশা করি, আগামী দিনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে এই জয় ইতিবাচক ভূমিকা নেবে। সোমবার ইকুয়েডরের খেলা রয়েছে পেরুর বিরুদ্ধে। ব্রাজিল মঙ্গলবার মুখোমুখি হবে প্যারাগুয়ের।












Click it and Unblock the Notifications