Blow For AIFF: প্রভাকরণকে সরাতে গিয়ে ধাক্কা খেল কল্যাণ চৌবের এআইএফএফ, দিল্লি হাইকোর্ট দিল স্থগিতাদেশ
Blow For AIFF: বিশ্বাসভঙ্গের কারণে শাজি প্রভাকরণকে সেক্রেটারি-জেনারেলের পদ থেকে সরিয়ে দিয়েছিল কল্যাণ চৌবের নেতৃত্বাধীন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবার দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন শাজি।
দিল্লি হাইকোর্ট থেকে প্রভাকরণ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ পাওয়ায় ধাক্কা খেল এআইএইএফ।

গত বছরের ২ সেপ্টেম্বর ফেডারেশনের নির্বাচন হয়েছিল। তারপর ৩ তারিখ প্রথম এগজিকিউটিভ কমিটির বৈঠক হয়। সেখানেই সেক্রেটারি-জেনারেল করা হয় শাজি প্রভাকরণকে। দেশে-বিদেশে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে শাজিকে দেখা গিয়েছে। এসেছেন কলকাতাতেও।
কিন্তু দায়িত্বভার নেওয়ার ১৪ মাস পরেই শাজিকে ওই পদ থেকে বরখাস্ত করার কথা জানায় ফেডারেশন। বিশ্বাসভঙ্গের কারণেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছিল। যদিও কীভাবে বিশ্বাসভঙ্গ করেছেন শাজি, তা প্রকাশ্যে জানানো হয়নি। ফুটবল দিল্লির প্রেসিডেন্ট পদ ছেড়ে শাজি ফেডারেশনের সেক্রেটারি-জেনারেল পদে বসেন ২০২২-এর ৬ সেপ্টেম্বর।
ফেডারেশন তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ায় আইনের দ্বারস্থ হয়েছিলেন প্রভাকরণ। প্রভাকরণের আইনজীবী কে পরমেশ্বরণ জানিয়েছেন, আজ দিল্লি হাইকোর্টে ফেডারেশনের তরফে কেউ হাজির হননি। ফলে ফেডারেশন যে শাজিকে বরখাস্ত করেছিল সেই ঘোষণার উপর বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর প্রভাকরণকে বরখাস্ত করে ফেডারেশন। এআইএফএফের ডেপুটি সেক্রেটারি এম সত্যনারায়ণ কার্যকরী সেক্রেটারি-জেনারেলের দায়িত্ব সামলাবেন বলেও জানানো হয়েছিল। যদিও সেই পদক্ষেপ এবার ধাক্কা খেল দিল্লি হাইকোর্টে।












Click it and Unblock the Notifications