এটিকে বিলুপ্ত হচ্ছে! জুনের ১ তারিখ থেকেই মোহনবাগান সুপার জায়ান্ট
আইএসএলের সর্বশেষ সংস্করণটি জিতেছে এটিকে মোহনবাগান। এটিকে এবং এটিকে মোহনবাগান আইএসএল খেতাব জেতার নজির গড়েছে। অবশেষে সমর্থকদের চাহিদাকে মান্যতা দিয়ে বিলুপ্ত হচ্ছে এটিকে। সবুজ মেরুন এবার পরিচিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট নামে।
জুনের ১ তারিখ থেকেই ক্লাব নতুন নামে পরিচিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে বোর্ড মিটিংয়ে। এটিকে মোহনবাগান আইএসএল জেতার পরই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন, আগামী মরশুম থেকেই ক্লাবের নাম হবে মোহনবাগান সুপার জায়ান্ট।

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই জানানো হয়েছে, কাল কলকাতায় আরপিএসজি গ্রুপের অফিসে একটি বিশেষ সাংবাদিক বৈঠক হবে। সেখানে ক্লাবের নাম পরিবর্তনের বিষয়ে বলা হতে পারে। এই সংস্থারই আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টস। ইডেনে তাদের শেষ ম্য়াচে লখনউ সুপার জায়ান্টস সবুজ-মেরুন জার্সি পরে খেলবে বলে জানা গিয়েছে আগেই।
ফলে জল্পনা চলছে, কালকের প্রেস কনফারেন্সে লখনউয়ের আইপিএল দল ইডেনে শনিবার যে বিশেষ জার্সি পরে নামবে তা জনসমক্ষে আনা হতে পারে। উল্লেখ্য, আইএসএল জিতে এটিকে মোহনবাগান কলকাতায় ফেরার পর ট্রফি নিয়ে ফোটোসেশন ও সাংবাদিক বৈঠক হয়েছিল জাজেস কোর্ট রোডের ওই অফিসেই।

মোহনবাগান তাঁবুতে সংবর্ধিত করা হয়েছিল আইএসএল জয়ী সবুজ মেরুন দলকে। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মোহনবাগানের মতো শতাব্দীপ্রাচীন ক্লাবের আগে এটিকে থাকার বিষয়টি ভালো লাগে না। ফলে এটিকে সরানোর বিষয়ে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলতে তিনি দায়িত্ব দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে।
আইএসএল ফাইনাল দেখতেও গিয়েছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস। সবুজ মেরুন আইএসএল জিতছে সেই স্বপ্ন দেখার কথা ফাইনালের সকালে অরূপ বিশ্বাসকে ফোন করে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রিমুভ এটিকে আন্দোলনের ঝাঁঝ ক্রমেই তীব্রতর হচ্ছিল। অবশেষে ক্লাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত।

আগামী মরশুম থেকে সব টুর্নামেন্টেই মোহনবাগান সুপার জায়ান্ট নামে দল নামানো হবে। সংক্ষেপে ক্লাবের নাম হচ্ছে এমবিএসজি। এটিকে সরানোর দাবি আরপিএসজি কর্তৃপক্ষ মেনে নেওয়ায় খুশি সবুজ মেরুন ভক্তরা। হাঁফ ছেড়ে বেঁচেছেন বাগান কর্তারা। তাঁদেরও নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছিল। শনিবার আইএসএলের আসরেও থাকছে সবুজ মেরুন।
লখনউ গতকাল মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচ জেতার পর সঞ্জীব গোয়েঙ্কাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। ইডেনে কেকেআরকে হারাতে পারলে প্লে-অফের দিকে এগিয়ে যাবে লখনউ। আইএসএলের পর আইপিএল খেতাব যাতে দল জিততে পারে সেই প্রার্থনা করছেন গোয়েঙ্কারা।












Click it and Unblock the Notifications