Asian Games: এশিয়ান গেমসের জন্য ফুটবলার ছাড়বে না মোহনবাগান সুপার জায়ান্ট, কুরুনিয়ানের চোট নিয়ে তুঙ্গে বিতর্ক
Asian Games: মোহনবাগান সুপার জায়ান্ট এশিয়ান গেমসে ভারতীয় দলের জন্য ফুটবলার ছাড়বে না। সংবাদসংস্থা পিটিআইকে তেমনটাই জানিয়েছেন ক্লাবের এক কর্তা। বিষয়টি আরও স্পষ্ট হতে পারে কাল আইএসএল মিডিয়া ডে-তে।
কাল আইএসএলের সাতটি দলের হেড কোচ ও ফুটবলাররা সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেই তালিকায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আশিক কুরুনিয়ান ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পান। ফিজিওর ভূমিকা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

হাংঝৌয়ে এশিয়ান গেমসের জন্য যে ভারতীয় দল গঠন করা হয়েছে তাতে মোহনবাগান সুপার জায়ান্টের লিস্টন কোলাসো ও আশিস রাই রয়েছেন। ২১ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হচ্ছে। সবুজ মেরুনকে এএফসি কাপের গ্রুপ পর্বেও খেলতে হবে, যা আবার রয়েছে ১৯ সেপ্টেম্বর। আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ ২৩ সেপ্টেম্বর রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে।
ভারতীয় দলের জন্য ফুটবলার না ছা়ড়ার বড় কারণ আশিক কুরুনিয়ানের চোটের বিষয়টি। কিংস কাপে ইরাক ম্যাচে তিনি চোট পান। তাঁর পরিবর্ত হিসেবে নামানো হয় রহিম আলিকে। এমআরআইয়ে দেখা গিয়েছে কুরুনিয়ানের লিগামেন্ট ছিঁড়েছে। অভিযোগ, পাঁচদিন ধরে এই চোট নিয়ে অবহেলা করা হয়েছে। প্রথমে এমআরআই পর্যন্ত করানো হয়নি।

বাগান শিবিরের সাফ কথা, ভারতীয় দলের ফিজিওর তরফে এমনটা কখনও প্রত্যাশিত নয়। যদি এমআরআই আগে করানো হতো তাহলে আরও আগে ফিজিওথেরাপি চালু করা যেত। তাতে চোটও আর বাড়তো না। সে কারণেই এশিয়ান গেমসের জন্য ফুটবলার ছাড়া হবে না। যদি চোট আরও মারাত্মক হতো, তাহলে ক্ষতিপূরণ দাবির পথেও হাঁটতে ক্লাব।
আইএসএলের ১০টি দল থেকে যাঁরা এশিয়ান গেমসে সুযোগ পেয়েছেন তাঁদের ছাড়ার জন্য সংশ্লিষ্ট ক্লাবগুলিকে র্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে অনুরোধ করা হয়েছে। দেশের স্বার্থের কথা মাথায় রেখেই এই আবেদন বলে উল্লেখ করা হয়। ১৯ সেপ্টেম্বর চিনের বিরুদ্ধে ইগর স্টিমাচের দলের প্রথম ম্যাচ। ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ও ২৪ সেপ্টেম্বর মায়ানমারের বিরুদ্ধে খেলবে ভারত।
এএফসি কাপে বাগান ১৯ সেপ্টেম্বর ভুবনেশ্বরে খেলবে ওডিশা এফসির বিরুদ্ধে। ২৩ তারিখ পাঞ্জাব ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু। ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন। ৭ অক্টোবর প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। ১০ অক্টোবর এএফসি কাপে গ্রুপ ডি-তে মাজিয়া ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের।












Click it and Unblock the Notifications