Copa America: ব্রাজিলে জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা, ভাইরাল ভিডিও
লিওনেল মেসির জন্মদিন এবার উদযাপিত হল ব্রাজিলে। কুলাবায় টিম হোটেলে অধিনায়কের জন্মদিন সেলিব্রেট করার ফাঁকে সারপ্রাইজড গিফট দিয়ে চমকে দিলেন আর্জেন্তিনা দলের সতীর্থ ও সাপোর্ট স্টাফরা।

আর্জেন্তিনার রোসারিওতে লিওনেল মেসির জন্ম ১৯৮৭ সালের ২৪ জুন। ৩৪তম জন্মদিনটি মেসি এবার নিজের দেশে পালন করতে পারলেন না। কারণ, কোপা আমেরিকা খেলতে এখন ব্রাজিলে রয়েছে আর্জেন্তিনা। গ্রুপ এ-তে একটি ম্যাচ বাকি থাকতেই শেষ আটে পৌঁছে গিয়েছেন মেসিরা। ফলে দলের সকলেই রয়েছেন ফুরফুরে মেজাজে। মেসি-ম্যাজিক দেখা গেলেও কোপা আমেরিকায় আর্জেন্তিনার খেলা অবশ্য এখনও খুশি করতে পারেনি ভক্তদের।

বৃহস্পতিবার মাঝরাতে মেসির ঘরে মোমবাতি জ্বেলে কেক ও উপহার নিয়ে প্রবেশ করেন আর্জেন্তিনার ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। তাঁরা মেসিকে ঘুম থেকে তুলে জন্মদিন উদযাপন করেন। মিডনাইট বার্থ ডে সেলিব্রেশনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি শুভেচ্ছা জানানোর জন্য ভক্তদের প্রতি ধন্যবাদ জানিয়ে মেসি লেখেন, এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে থাকতে না পেরে তাঁদের মিস করছি। তবে পরিবারের সদস্যদের ছাড়াই যেভাবে এই বিশেষ দিনটি সকলে উদযাপন করলেন এবং শুভেচ্ছা জানালেন তাতে সকলকে ধন্যবাদ।

মেসির ফ্রি কিক থেকে করা বিশ্বমানের গোল সত্ত্বেও কোপা আমেরিকার প্রথম ম্যাচে চিলির কাছে আটকে গিয়েছিল আর্জেন্তিনা। যদিও উরুগুয়ে ও প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসির দল। টানা ১৬টি ম্যাচে অপরাজেয় রয়েছে আর্জেন্তিনা। ২৯ জুন তাই বলিভিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে মেসিকে বিশ্রাম দিতে পারেন কোচ লিওনেল স্কালোনি। ফলে কোয়ার্টার ফাইনাল খেললেই দেশের হয়ে সর্বাধিক ১৪৮তম ম্যাচ খেলে হাভিয়ের মাসচেরানোকে টপকে যাবেন মেসি।












Click it and Unblock the Notifications