Stimac vs AIFF: স্টিমাচকে কড়া আক্রমণ এআইএফএফের, মিথ্যাবাদী প্রমাণেও চাঞ্চল্যকর অভিযোগ
Stimac vs AIFF: ভারতীয় হেড কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর ইগর স্টিমাচ সাংবাদিক সম্মেলনে এআইএফএফের দিকে তোপ দেগেছিলেন। জোরালো নিশানা করে সমালোচনা করেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের।
স্টিমাচের বক্তব্যের বিষয়ে বিবৃতি দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। আজ সেই বিবৃতি প্রকাশ করা হলো। যাতে স্টিমাচের দাবি খণ্ডন করা হয়েছে।

এআইএফএফ ও ফেডারেশনের আধিকারিকদের বদনাম করার লক্ষ্যেই স্টিমাচ ওই সাংবাদিক বৈঠকর করেছিলেন বলে দাবি ফেডারেশনের। স্টিমাচের দাবি উড়িয়ে ফেডারেশন আজ পাল্টা জানাল, এআইএফএফের কর্তাদের সঙ্গে কথা বলার যথেষ্ট সুযোগ পেয়েছেন স্টিমাচ। এমনকী সামনাসামনি ও ভার্চুয়ালি কথা হয়েছে কল্যাণ চৌবের সঙ্গেও।
স্টিমাচ দাবি করেছিলেন, ২০০ দিনের বেশি ধরে তিনি জিপিএস সামগ্রী পাননি। ফেডারেশনের দাবি, ৫০ দিন ধরে সমস্যা ছিল। সেটি ২০০ দিন। দিনের সংখ্যা বাড়িয়ে স্টিমাচ বিষয়টিকে বড় করে দেখানোর চেষ্টা করছেন। ফেডারেশনের আরও দাবি, স্টিমাচের চুক্তি নিয়েও কোনও সমস্যা ছিল না। সম্মানজনকভাবেই তাঁকে নিয়ম মেনেই বরখাস্ত করা হয়েছে।
স্টিমাচ একজন বিশেষ ব্যক্তিকে কেন সাপোর্ট স্টাফ হিসেবে রেখেছিলেন তার সদুত্তর এখনও অধরা। বিষয়টি নিয়ে ফুটবলাররাও যে অসন্তোষ ব্যক্ত করেছেন তাও জানিয়েছে এআইএফএফ। ফেডারেশনের বিবৃতিতে উল্লেখ, স্টিমাচ সব সময় দোষ অন্যের উপর দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন বরাবর। ভাবখানা এমন, তিনিই ঠিক, বাকি সব ভুল। খারাপ কিছুর সব দায় অন্যদের।
স্টিমাচের কোচিং স্টাইল ও রণকৌশল নিয়ে অনেক ফুটবলারও ফেডারেশনের কাছে অসন্তোষ ব্যক্ত করেছিলেন বলে এআইএফএফের বিবৃতিতে উল্লেখ রয়েছে। তিনি গত মে মাসে তৃতীয় এএফসি কনফারেন্সে ফেডারেশনকে খাটো করে দেখানোর চেষ্টা চালান বলেও অভিযোগ।
অন্য দেশের কোচদের পাশাপাশি এএফসির কর্তাদের সহানুভূতি আদায়ের জন্য ভারতীয় দলের সাপোর্ট স্টাফের সংখ্যা কম করে দেখান বলে অভিযোগ। ভারতীয় ফুটবল, এআইএফএফের সুনাম নষ্ট করার জন্য তিনি ইচ্ছে করে এমনটা করেন বলে মনে করছে এআইএফএফ।
ভারতীয় ফুটবল বন্দি হয়ে রয়েছে, উন্নতি হচ্ছে না এই বক্তব্যকেও খণ্ডন করে ফেডারেশনের পাল্টা দাবি, দলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একাধিপত্য ছিল স্টিমাচেরই। তিনি নিজে কোনও কিছুর দায় এখন নিতে না চেয়ে অন্যের দিকে তা ঠেলার চেষ্টা করছেন।
নিজের হার্টের অসুখের দায়ও ফেডারেশনের উপর চাপিয়েছিলেন স্টিমাচ। ভারতীয় কোচ থাকাকালীন তাঁর হার্টের অপারেশন হয়। স্টিমাচের এহেন বক্তব্য়েও স্তম্ভিত ফেডারেশন। কোচিং করানোর পক্ষে পুরোপুরিভাবে মেডিক্যালি ফিট তিনি নন। তা থেকে দৃষ্টি ঘোরাতেই স্টিমাচ এই সব বলেছেন বলে উপলব্ধি ফেডারেশনের।
এআইএফএফ জানিয়েছে, দেশের স্বার্থে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বরখাস্ত করা হয়েছে স্টিমাচকে। দুই পক্ষের সহমতের ভিত্তিতে চুক্তি ভাঙার প্রস্তাব দেওয়া হয়েছিল, এমনকী ৩ মাসের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থও দিতে তৈরি ছিল ফেডারেশন। কিন্তু স্টিমাচ সেই প্রস্তাবে সাড়া দেননি। যদিও স্টিমাচ বরখাস্ত হওয়ায় ভারতীয় ফুটবলে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করছে ফেডারেশন।












Click it and Unblock the Notifications