AFC Asian Cup 2023: ডোবাল রক্ষণ, উজবেকিস্তানের কাছে পরাস্ত ভারত! সুনীলদের নক-আউটে যাওয়ার সমীকরণ কী?
AFC Asian Cup 2023: এএফসি কাপে টানা দুটি ম্যাচে হারের ফলে কঠিন হয়ে গেল ভারতের নক-আউটে যাওয়ার সমীকরণ। আজ আহমেদ বিন আলি স্টেডিয়ামে ভারতকে ৩-০গোলে পরাস্ত করল উজবেকিস্তান।
তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। রক্ষণের ভুলে। সেই সঙ্গে কয়েকটি সুযোগও নষ্ট করেছেন ভারতীয় ফুটবলাররা।

উজবেকিস্তান শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায়। ৪ মিনিটে আব্বোসবেক ফৈজুল্লায়েভের গোলে উজবেকরা এগিয়ে যায়। ১৮ মিনিটে ব্যবধান বাড়ান ইগর সারগিভ। প্রথমার্ধের ইনজুরি টাইমে শেরজোদ নসরুল্লায়েভ উজবেকিস্তানের হয়ে তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ভারত তুলনামূলক ভালো খেলায় আর কোনও গোল হয়নি।
প্রথম থেকেই নড়বড়ে ছিল ভারতের রক্ষণ। সাধারণ বলও ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডাররা। যার পুরো ফায়দা তুলে ফৈজুল্লায়েভ হেডে গোল করে যান, যা আটকাতে পারেননি গুরপ্রীত সিং সান্ধু। এরপর ভারতের রক্ষণে চাপ বাড়াতে থাকে উজবেকিস্তান। গুরপ্রীত দারুণ দক্ষতায় ১০ মিনিটের মাথায় শুকুরভের শট বাঁচান।
এর খানিক পরেই মাশারিপভের ফ্রি কিক বারে গিয়ে লাগে। ডিফেন্ডার রাহুল ভেকে বলের দখল রাখতে না পারায় বল পেয়ে যান ফৈজুল্লায়েভ। তিনি অনেকটা দৌড়ে গিয়ে বিপজ্জনক ক্রস বাড়ান। আকাশ মিশ্র বল বিপন্মুক্ত করতে গেলে ভারত আত্মঘাতী গোলের হাত থেকে রেহাই পায় বলটি পোস্টে লাগায়। তবে সেই বলকে জালে জড়াতে ভুল করেননি সারগিভ।
ভারত বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও শারীরিক গঠনের নিরিখে সুনীলের দলের ফুটবলাররা পিছিয়েই ছিলেন প্রতিপক্ষের চেয়ে। ৩৫ মিনিটে ফৈজুল্লায়েভের একটি প্রয়াস রুখে দেন গুরপ্রীত। এরপর নওরেম মহেশের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে বাঁচান উজবেক গোলকিপার। হেড থেকে গোল করতে ব্যর্থ হন সুনীল।
উজবেকিস্তানের তৃতীয় গোলটিও আসে ভারতের রক্ষণভাগের দুর্বলতার কারণেই। সারগিভ ও ফৈজুয়াল্লেভ ভারতীয় সেন্টার-ব্য়াকদের নিয়ে যেন ছেলেখেলা করছিলেন। নসরুল্লায়েভের প্রথম শটটি প্রতিহত হলেও তিনিই দারুণ পারদর্শিতা দেখিয়ে উজবেকিস্তানকে বিরতিতে এগিয়ে রাখেন ৩-০ গোলে।
দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে ভারত। উজবেকিস্তানের খেলাতেও কিছুটা মন্থরভাব লক্ষ্য করা যায়। এরই মধ্যে রাহুল কেপির প্রয়াস ক্রসবারে প্রতিহত হয়। সুনীল ছেত্রীও বল জালে জড়াতে পারেননি। রাহুল ভেকের একটি ভালো হেড থেকেও গোল আসেনি। তবে নিখিল পূজারীর ভুলে চতুর্থ গোলটি পেলেও পেতে পারতো উজবেকিস্তান।
সুনীল ছেত্রী ও অনিরুদ্ধ থাপার জায়গায় ঈশান পণ্ডিতা ও ব্র্যান্ডন ফার্নান্দেজকে নামানো হলেও ভারত গোলমুখ খুলতে পারেনি। উজবেকিস্তানও কয়েকটি সুযোগ নষ্ট করায় জয়ের ব্যবধান আর বাড়াতে পারেনি। বিভিন্ন গ্রুপ থেকে তৃতীয় স্থানাধিকারী দলগুলিগুলির নক-আউটে যাওয়ার সুযোগ থাকবে। তাদেরই একটি হতে হলে ভারতকে ২৩ জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিতে হবে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলগুলির দিকেও।












Click it and Unblock the Notifications