Steve Smith: স্টিভ স্মিথ হাঁকালেন ৩১তম টেস্ট সেঞ্চুরি, শতরানকারীদের তালিকায় রইলেন কোথায়?
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ট্রাভিস হেডের পর দায়িত্বশীল শতরান হাঁকালেন স্টিভ স্মিথ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সামগ্রিক পরিসংখ্যান ধরলে স্মিথ হলেন দ্বিতীয় শতরানকারী।
ভারত সফরে স্মিথ বড় রান পাননি। তবে এদিন স্মিথ পেয়ে গেলেন চলতি বছরের দ্বিতীয় টেস্ট শতরানটি। ইংল্যান্ডের মাটিতে স্মিথের এটি সপ্তম শতরান, ওভালে তৃতীয়। ২০২১ সালে সিডনি টেস্টের পর ভারতের বিরুদ্ধে এই প্রথম টেস্ট শতরান স্মিথের।

আজ দিনের প্রথম ওভারটি করতে যান মহম্মদ সিরাজ। প্রথম বলে এক রান নেন ট্রাভিস হেড। পরের দুটি বল হাফ ভলিতে পেয়ে যান স্মিথ, দুটিই পাঠান সীমানার বাইরে। গতকাল অপরাজিত ছিলেন ৯৫ রানে। এই দুটি চার তাঁর শতরান সুনিশ্চিত করে দেয়।
টেস্টে সর্বাধিক শতরানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। মাস্টার ব্লাস্টার ২০০টি টেস্টে ৩২৯টি ইনিংসে ৫১টি শতরান হাঁকিয়েছেন। দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস ১৬৬ টেস্টে ২৮০টি ইনিংসে ৪৫টি শতরান করে রয়েছেন দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ১৬৮টি টেস্টে ২৮৭টি ইনিংসে ৪১টি শতরান করে তিন নম্বরে রয়েছেন।

শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা রয়েছেন চারে। তিনি ১৩৪টি টেস্টে ২৩৩টি ইনিংসে ৩৮টি শতরান করেছেন। ভারতের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড় আছেন পাঁচে। তিনি ১৬৪টি টেস্টে ২৮৬টি ইনিংসে ৩৬টি সেঞ্চুরি পেয়েছেন। চারজন ব্যাটার ৩৪টি করে শতরান হাঁকিয়ে যুগ্মভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন।
Steve Smith loves batting at The Oval 😍
— ICC (@ICC) June 8, 2023
Third century at the ground for the Aussie star ⭐
Follow the #WTC23 Final 👉 https://t.co/wJHUyVnX0r pic.twitter.com/jnZP7Z757F
পাকিস্তানের ইউনিস খান ১১৮টি টেস্টে ২১৩টি ইনিংসে ৩৪টি শতরান করেছেন। সুনীল গাভাসকর খেলেছেন ১২৫টি টেস্ট, ২১৪টি ইনিংসে তিনিও ৩৪টি শতরানের মালিক। ১৩১টি টেস্টে ২৩২টি ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার রয়েছে ৩৪টি টেস্ট শতরান। শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে ১৪৯টি টেস্টে ২৫২ ইনিংসে ৩৪টি শতরান হাঁকিয়েছেন।
টেস্ট শতরানকারীদের তালিকায় ইংল্যান্ডের অ্যালাস্টেয়ার কুক রয়েছেন সপ্তম স্থানে। তিনি ১৬১টি টেস্ট খেলেছেন, ২৯১টি ইনিংসে তাঁর ৩৩টি শতরান রয়েছে। অস্ট্রেলিয়ার স্টিভ ওয়া ১৬৮টি টেস্টে ২৬০টি ইনিংসে ৩২টি টেস্ট শতরান পেয়েছেন। ফলে স্টিভ স্মিভ এবার স্টিভ ওয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল স্টিভ স্মিথের কেরিয়ারের ৯৭তম টেস্ট। এই টেস্টের দ্বিতীয় ইনিংস রয়েছে। এরপর অ্যাশেজে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। সেই সময়ই শততম টেস্টটিও খেলে ফেলবেন স্মিথ। এমন ফর্ম ধরে রাখতে পারলে শতরানকারীদের তালিকায় আরও উপরে উঠে আসতেই পারেন স্মিথ।
4⃣4⃣!
— cricket.com.au (@cricketcomau) June 8, 2023
That didn't take long! Steve Smith loves batting at The Oval #WTCFinal
স্মিথ ওভাল টেস্ট খেলার আগে চেতেশ্বর পূজারার নেতৃত্বে সাসেক্সের হয়ে কাউন্টি খেলেন। প্রথম দুটি ম্যাচে ৩০ ও ৩ রানে আউট হলেও গ্ল্যামারগনের বিরুদ্ধে ৮৯ রানের ইনিংস খেলেন, বল হাতে নেন ২টি উইকেটও। গত জানুয়ারিতে সিডনি টেস্টে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের ৩০তম টেস্ট শতরানটি পেয়েছিলেন।
ইংল্যান্ডের ওভালে তিনি প্রথম শতরান পেয়েছিলেন ২০১৩ সালে, ২৪১ বলে ১৩৮ রানে অপরাজিত ছিলেন। ২০১৫ সালে তিনি এখানেই খেলেন ২৫২ বলে ১৪৩ রানের ইনিংস। তারপর এই নিয়ে ওভালে পেলেন তৃতীয় শতরান। ২০১৯ সালে শেষবার এখানে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ রান করেছিলেন।












Click it and Unblock the Notifications