WPL 2025: রিচার ব্যাটিং দাপটে জয়যাত্রা শুরু স্মৃতিদের, জয়ের মধ্যে ফের ধাক্কা আরসিবি শিবিরে
শুক্রবার থেকে শুরু হল তৃতীয় মরশুমের মহিলাদের প্রিমিয়ার লিগ। ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে জয় দিয়েই আরসিবি অভিযান শুরু করল। শিশিরের কথা মাথায় রেখে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। কিন্তু ভাদোদরার ব্যাটিং সহায়ক পিচে গুজরাত জায়ান্টস অবশ্য ২০০-র বেশি রান তোলে।
বেথ মুনি এবং লরা উলভার্ট গুজরাত জায়ান্টসের হয়ে ওপেন করতে নামেন। লরা উলভার্ট ১০ বলে ৬ রান করে আউট হলেও বেথ মুনি কিন্তু ৪২ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। তিনি ৮টি চার মারেন। গুজরাত জায়ান্টসের অধিনায়ক অ্যাশ গার্ডনার অধিনায়কোচিত ইনিংস খেললেন। ৩৭ বলে ৭৩ রান করেন। তিনটি চার এবং আটটি ছক্কার সাহায্যে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পরে আরসিবি। - স্মৃতি মান্ধানা , ড্যানি ওয়াট-হজ দ্রুত আউট হলেন। স্মৃতি মান্ধানা ৯, ড্যানি ওয়াট-হজ ৪ রান করেই আউট হলেন। এরপর আরসিবির ব্যাটিংয়ের হাল ধরেন এলিস পেরি। ৩৪ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন এলিস পেরি। ছয়টি চার এবং দুটি ছক্কা মারেন। রাঘবী বিস্ত ২৭ বলে ২৫ রান করে আউট হলেন। মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে বাংলার রিচা ঘোষ। কণিকা আহুজাকে সঙ্গী করেই দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেলেন রিচা।
১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় আরসিবি। রিচা ২৭ বলে ৬৪ রান করলেন। সাতটি চার এবং চারটি থয় মারেন। মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম দল হিসাবে ২০০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে জয় পেল আরসিবি। রিচা বলেন, আমি চেয়েছিলাম খেলাটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে। আমরা আলোচনা করেছিলাম ইতিবাচক খেলা খেলব। আমরা প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছিলাম। সেটা আমাদের সাহায্য করেছিল।
এদিকে জয়ের মধ্যেও ধাক্কা আরসিবি শিবিরে। এবারের মহিলাদের প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন আরসিবির স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল। তিনি চোটের জন্য খেলতে পারবেন না। তার পরিবর্তে স্নেহ রানা আরসিবি দলে যুক্ত হচ্ছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের ডব্লিউপিএলে পাচ্ছে না আশা শোভনাকে। তাঁর পরিবর্তে আরসিবি নিল উইকেটকিপার নুঝাত পারভীনকে।












Click it and Unblock the Notifications