মহিলাদের প্রিমিয়ার লিগে প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্স, হরমনপ্রীতদের দাপটে চূর্ণ গুজরাত জায়ান্টস
মহিলাদের প্রিমিয়ার লিগে সম্পূর্ণ ভিন্ন মেরুতে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি হেরেছে পাঁচটি ম্যাচেই। অন্যদিকে, হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স আজ ছিনিয়ে নিল এবারের টুর্নামেন্টের পঞ্চম জয়। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হরমনপ্রীতদের দাপটের কাছে উড়ে গেল সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি গুজরাত জায়ান্টস।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক স্নেহ রানা। নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স করে ৮ উইকেটে ১৬২ রান। সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩০ বলে সর্বাধিক ৫১ রান করেন হরমনপ্রীত কৌর। ওপেনার যস্তিকা ভাটিয়া ৩৭ বলে ৪৪, তিনে নামা ন্যাট সিভার-ব্রান্ট ৩১ বলে ৩৬ রান করেন। অ্যাশ গার্ডনার ৩৪ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। কিম গার্থ, স্নেহ রানা ও তনুজা কানওয়ার পেয়েছেন ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে গুজরাত জায়ান্টস। ২৩ বলে সর্বাধিক ২২ রান হারলিন দেওলের। স্নেহ ১৯ বলে ২০ রান করেন। সোফিয়া ডাঙ্কি গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন। ব্যাটিং ব্যর্থতার জেরে আম্বানির দলের বিরুদ্ধে কোনও লড়াই-ই চালাতে পারেনি আদানিদের দল। ন্যাট সিভার-ব্রান্ট ২১ রান খরচ করে নেন তিনটি উইকেট। হেইলি ম্য়াথিউজ ব্যাট হাতে হতাশ করলেও বল হাতে ২৩ রান দিয়ে ৩টি উইকেট দখল করলেন।
অ্যামেলিয়া কের ২টি উইকেট পান। তবে মুম্বই ইন্ডিয়ান্স আজই প্লে-অফে জায়গা পাকা করে ফেলল। এদিনের জয় এলো ৫৫ রানে। এখনও হরমনপ্রীতদের হাতে রয়েছে তিনটি ম্যাচ। জয়ের ধারা অব্যাহত রেখে নিশ্চিতভাবেই মুম্বই চাইবে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থেকেই ফাইনালে জায়গা পাকা করে ফেলতে। সাইকা ঈশাক আজকের ম্যাচে কোনও উইকেট পাননি। তবে উইকেটশিকারীদের তালিকায় তিনি শীর্ষস্থান দখলে রেখেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের ৫ ম্যাচে রয়েছে ১০ পয়েন্ট, নেট রান রেট ৩.৩২৫। গুজরাত ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রইল চারে, নেট রান রেট মাইনাস (-) ৩.২০৭। কাল আরসিবির বিরুদ্ধে খেলবে তিনে থাকা ইউপি ওয়ারিয়রজ।












Click it and Unblock the Notifications