হরমনপ্রীতের মুম্বইয়ের টানা দ্বিতীয় হার, মহিলাদের প্রিমিয়ার লিগে শীর্ষে দিল্লি ক্যাপিটালস
মহিলাদের প্রিমিয়ার লিগে কোন দল সরাসরি ফাইনাল খেলবে এবং ইউপির সঙ্গে কাদের এলিমিনেটর খেলতে হবে তা স্পষ্ট হয়ে যাবে কাল। তবে পরপর দুই ম্যাচে হেরে চাপে পড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। আজ নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের দলের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল দিল্লি ক্যাপিটালস।

টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। এই ম্যাচ শুরুর আগেই তিনটি দল প্লে-অফে জায়গা করে নিয়েছিল। পাঁচটি ম্যাচ টানা জিতে প্রথমে প্লে-অফে যায় মুম্বই। আজ দিল্লি ও ইউপি শেষ তিনে জায়গা পাকা করে নেয়। নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৮ উইকেট হারিয়ে ১০৯ রান করে। পূজা বস্ত্রকার ২৬, হরমনপ্রীত কৌর ২৩ রানে আউট হন। ইসি ওং করেন ২৩, আমনজ্যোৎ কৌরের সংগ্রহ ১৯।
হেইলি ম্যাথিউজের ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন জেমাইমা রডরিগেজ। মুম্বই ৬.৫ ওভারে ২১ রানে চার উইকেট হারিয়েছিল। জেস জোনাসেন, শিখা পাণ্ডে ও মারিজান কাপ ২টি করে উইকেট দখল করেন। কাপ ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন। একটি উইকেট নেন অরুন্ধতী রেড্ডি।
জবাবে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ৯ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। ১৫ বলে ৩৩ করেন শেফালি ভার্মা। মেগ ল্যানিং ২২ বলে ৩২ ও অ্যালিস ক্যাপসি ১৭ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। শেফালির উইকেটটি পেয়েছেন হেইলি ম্যাথিউজ। সাইকা ঈশাক ২ ওভারে ৩৬ রান দেন।
এই জয়ের সৌজন্যে দিল্লি ৭ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করল। মুম্বইয়েরও ৭ ম্যাচে ১০ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে দিল্লি। কাল দিল্লির শেষ ম্যাচ ইউপির বিরুদ্ধে। তার আগে মুম্বইয়ের সামনে আরসিবি। দিল্লি যদি কাল জিতে যায় তাহলে মুম্বইকে এলিমিনেটর খেলতে হবে ইউপি ওয়ারিয়রজের বিরুদ্ধে। ইউপি যদি কাল জেতে তাহলে ফের তারা দিল্লির বিরুদ্ধে এলিমিনেটর খেলবে।












Click it and Unblock the Notifications