Women's T20 World Cup: মহিলা টি২০ বিশ্বকাপে সফলতম দলের বিদায়, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
Women's T20 World Cup 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপে সফলতম দলের বিদায়। আজ দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ৬ বারের টি২০ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া বিদায় নিল সেমিফাইনাল থেকেই।
গত বছর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে খেতাব জিতেছিল অস্ট্রেলিয়ার প্রমীলা বাহিনী। এবার সেমিফাইনালে তার মধুর প্রতিশোধ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে প্রোটিয়া ব্রিগেড।

২০০৯ সালে প্রথমবার মহিলা টি২০ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেবার খেতাব জিতেছিল ইংল্যান্ড। এরপর ২০১০, ২০১২ ও ২০১৪ সালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া সেবার রানার-আপ হয়েছিল।
এরপর ২০১৮, ২০২০ ও ২০২৩ সালে ফের টানা তিনবার মহিলা টি২০ বিশ্বকাপ জেতে অজিরা। ফলে ২০১০ থেকে ২০২৩ অবধি টানা মহিলাদের বিশ্বকাপের ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া। এবারই ফাইনালে উঠতে পারল না অস্ট্রেলিয়া। ১৬ বল বাকি থাকতে ৮ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে গেল দক্ষিণ আফ্রিকা।
টস জিতে তাহলিয়া ম্যাকগ্রার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ব্য়াট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠা অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে। উইকেটকিপার বেথ মুনি করেন ৪৪। এলিস পেরি ৩১ ও ম্যাকগ্রা ২৭ রান করেন। আয়াবঙ্গা খাকা দুটি এবং মারিজান কাপ ও ননকুলুলেকো ম্লাবা ১টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। আন্নেকে বশ ৪৮ বলে ৭৪ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন। অধিনায়ক লরা উলভার্ট ৪২ রান করেন। অ্যানাবেল সাদারল্যান্ড নেন ২টি উইকেট। কাল শারজায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ফাইনাল হবে দুবাইয়ে।












Click it and Unblock the Notifications