অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ৮ দল চূড়ান্ত, কোন দুই বড় দল থাকল চিন্তায়?
টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতেই চূড়ান্ত হয়ে গেল আগামী বছরের টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের আটটি দল। পরের টি ২০ বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। তবে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে সুপার টুয়েলভে উঠতে গেলে খেলতে হবে প্রথম রাউন্ডের ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ এবার টি ২০ বিশ্বকাপে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, তাই সরাসরি সুপার টুয়েলভ পর্ব থেকেই খেললেন কাইরন পোলার্ডরা। কিন্তু শ্রীলঙ্কা এবার সুপার টুয়েলভে ওঠে প্রথম রাউন্ডের ম্যাচ খেলেই। সামনেরবারও একইভাবে শ্রীলঙ্কাকে সুপার টুয়েলভে যোগ্যতা অর্জন করতে হবে। সামনেরবারের বিশ্বকাপের জন্য সুপার টুয়েলভের অটোমেটিক কোয়ালিফায়ার নির্ধারিত হল বিশেষ পদ্ধতির মাধ্যমে। চ্য়াম্পিয়ন ও রানার-আপ দলের সঙ্গে ক্রমতালিকায় সেরা ছয় দল সরাসরি আগামী বছর সুপার টুয়েলভে খেলবে।

শনিবার অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেই আইসিসি টি ২০ র্যাঙ্কিংয়ের নিরিখে যে দলগুলি আগামী টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা পাকা করে ফেলেছিল সেগুলি হল ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অজিদের যদি ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে হারিয়ে দিত তাহলে ক্যারিবিয়ানরাও সরাসরি সুপার টুয়েলভ থেকেই বিশ্বকাপ অভিযান শুরু করতে পারত। কিন্তু অস্ট্রেলিয়া ৮ উইকেটে জিতে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ে নেমে যায় দশম স্থানে। শ্রীলঙ্কা রয়েছে নবম স্থানে। ফলে সুপার টুয়েলভের দরজা খুলে গিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের জন্য।

বাংলাদেশ সুপার টুয়েলভে সব ম্যাচে হেরেছে। তবে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় বাংলাদেশের টি ২০ র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছিল। সে কারণেই বাংলাদেশ বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স উপহার দেওয়া সত্ত্বেও সামনের টি ২০ বিশ্বকাপে খেলবে সুপার টুয়েলভ থেকে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ প্রথম রাউন্ডের ম্যাচ খেলেই সুপার টুয়েলভের যোগ্যতা অর্জন করেছিল। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে রয়েছে অষ্টম স্থানে। আফগানিস্তান সপ্তমে। দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের মধ্যে একমাত্র বাংলাদেশকে হারিয়েছিল। সেই তুলনায় ভালো পারফরম্যান্স দেখিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে দাসুন শনকার দল। তবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের ফলে গ্রুপ অব ডেথ থেকে শেষ চারে উঠতে পারেনি শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, নামিবিয়া এবং কোয়ালিফায়ার থেকে উঠে আসা চারটি দলকে নিয়ে অস্ট্রেলিয়ায় আগামী বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলি হবে।












Click it and Unblock the Notifications