Sanglap Basu: ইংল্যান্ড সফরে দুরন্ত পারফরম্যান্স, ১১ বছরের বিস্ময় বালক সংলাপের প্রতিভায় মুগ্ধ যশস্বীর কোচও
লর্ডসের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগ্রাসনের সেই ছবি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন। ঐতিহাসিক সেই মাঠেই নিজের প্রতিভার ছাপ রাখলেন আরও এক বঙ্গ সন্তান, কলকাতার খুদে ক্রিকেটার সংলাপ বসু। নিউটাউনের ১১ বছরের সংলাপ ইংল্যান্ড সফরে গিয়ে রীতিমতো নজরকাড়া পারফরম্যান্স করেছেন।
ছোট থেকেই ব্যাট-বলটা বড্ড প্রিয় সংলাপের। পড়াশুনা থেকে একটু ফাঁক পেলেই হাতে তুলে নিত ক্রিকেটের ব্যাট কিনবা বলটা। সংলাপের এই আগ্রহ এ প্যাশনই তাঁকে ১১ বছর বয়সেই লর্ডসে পৌঁছে দিল। ইংল্যান্ড সফরে দাপুটে পারফরম্যান্স করলেন ১১ বছরের বাঙালি ক্রিকেটার সংলাপ বসু। সবচেয়ে কনিষ্ঠ প্লেয়ার হিসেবে মুম্বই ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে ইংল্যান্ড সফরে অলরাউন্ডার হিসেবে তাকেই খেলানো হয়।

ছোট থেকে ছেলের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে নিউটাউনের ইয়ুথ ক্লাবের কোচিং ক্যাম্পে সংলাপকে ভর্তি করে দেন তাঁর বাবা সপ্তর্ষি বসু। কোচিং ক্যাম্পে বাকি ছাত্রদের থেকে সংলাপের প্রতিভা যে আলাদা তা বুঝতে ভুল করেননি কোচ তাপস রায়। পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলে পাঠরত সংলাপ ১০ বছর বয়সে অনূর্ধ্ব-১৩ সিএবি অম্বর রায় টুর্নামেন্টে খেলেছিল। টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ ক্রিকেটারও সে-ই ছিল।
ছেলের অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন সংলাপের বাবা। সেটাই চোখে পড়ে মুম্বইয়েক বিখ্যাত কোচ জ্বালা সিংয়ের। কলকাতার ছেলে সংলাপের ট্রায়াল নেওয়ার জন্য বিখ্যাত কোচ জ্বালা সিং তাঁকে ডেকেছিলেন। যিনি ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবং পৃথ্বী শ-কেও কোচিং করিয়েছেন। জ্বালা সিংকে মুগ্ধ করেছিল ১১ বছরের সাংলাপ।
মুম্বই ক্রিকেট ক্লাবে তাঁর কোচিং ক্যাম্পে সংলাপকে ট্রায়ালের জন্য ডেকেছিলেন। কলকাতার ছেলে সংলাপের ট্রায়াল নেন বিখ্যাত কোচ জ্বালা সিং। একটা সময়ে ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবং পৃথ্বী শ-কেও কোচিং করিয়েছেন তিনি। ট্রায়ালেই মুগ্ধ করেন জ্বালা সিংকে। এরপরই ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত হন সংলাপ। ২৩ দিনের ইংল্যান্ড সফরে ইতিমধ্যেই একাধিক শীর্ষস্থানীয় ইংল্যান্ডের স্কুল ও কলেজের ক্রিকেট দলের বিরুদ্ধে নিজের দক্ষতা দেখিয়ে, নজর কাড়েন বছর এগারোর সংলাপ।
ইংল্যান্ড সফরে বয়সে বড় ক্রিকেটারদের সঙ্গে অবলীলায় খেলেন। এমনকি ইংল্যান্ড সফরে সর্বোচ্চ উইকেটপ্রাপক বাংলার সংলাপই। সেই সফরে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। সংলাপে মুগ্ধ বিখ্যাত কোচ, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত দীনেশ লাড। ভারতের অধিনায়ক রোহিত শর্মার কোচ সংলাপের প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলেন।
ইংল্যান্ড থেকে ফিরে নিউটাউনে ফের অনুশীলনে মগ্ন সংলাপ। অনুশীলনের ফাঁকে ওয়ান ইন্ডিয়ার মুখোমুখি হয়ে সংলাপ বলেন, 'ইংল্যান্ড সফর আমাকে অনেক কিছু শিখিয়েছে। বড় ক্রিকেটার হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হবে। এটাই শিখেছি, সেখানে জ্বালা স্যার, ওয়াসিম স্যারের থেকে অনেক টিপস পেয়েছি। ওয়াসিম স্যারের সঙ্গে এখনও নিয়মিত কথা হয়, তিনি নানা পরামর্শ দেন।'
খুদে বয়সেই কিন্ত নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন কপিল দেব, শুভমান গিলের ভক্ত সংলাপ। তাঁর কথায়, 'আগামী দিনে আমার লক্ষ্য বাংলা দল এবং ভারতীয় দলের হয়ে খেলা। ক্রিকেটের জন্য স্কুলে একটা সমস্যা হয় কিন্তু ফাদার আমাকে অনেক সাহায্য করেন। ক্রিকেট এবং পড়াশুনা দুটোকেই ব্যালেন্স করতে হয়, একটু সমস্যা হয় কিন্তু মানিয়ে নিতে অসুবিধা হয় না।'
সংলাপের বাবা সপ্তর্ষি বসু জানিয়েছেন, 'সংলাপের ধ্যান, জ্ঞান শুধু ক্রিকেট, ওকে সারা দিন না খেতে দিলেও কিছু হবে কিনা কিন্তু খেলা ছাড়া একটু থাকতে পারবে না। প্রতিদিন যতক্ষণ না ৫০০ শ্যাডো হচ্ছে ঘুমাতে যাবে না। আমরা ওকে সব রকম সাহায্য করার চেষ্টা করি। আগামী দিনে ওর ক্রিকেটের উন্নতিতে সবরকম চেষ্টা করব।'
সংলাপের কোচ তাপস রায় বলেন, 'ওর শেখার ইচ্ছেটাই বাকিদের থেকে ওকে আলাদা করে দিয়েছে। প্রতিদিন অনুশীলনের পর আমার কাছে জানতে চাইবে কী ভুল হয়েছে, সেটা নিজে থেকেই শুধরে নেওয়ার চেষ্টা করবে। আমাদের কাছে কুব গর্বের সংলাপ ইংল্যান্ড সফরে যেভাবে পারফরম্যান্স করেছে। আগামীদিনে ও আরও অনেক দূর এগোতে পারবে।'












Click it and Unblock the Notifications