Virat Kohli: বেঙ্গালুরুর ঘটনায় এবার বিরাট কোহলির বিরুদ্ধেও দায়ের হল অভিযোগ
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যুর দুদিন পরে তারকা ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে শুক্রবার একটি পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ৫৬ জন আহত হয়েছেন।
সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় এই অভিযোগটি করেছেন। এএনআই সূত্রে খবর, পুলিশ জানিয়েছে যে এই অভিযোগটি ইতিমধ্যে রুজু হওয়া মামলার সঙ্গে বিবেচনা করা হবে এবং পদপিষ্টের ঘটনার চলমান তদন্তের সময় এটি খতিয়ে দেখা হবে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট সংখ্যক মানুষের ভিড় হয়। ভিতরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সহ গোটা টিম উদযাপনে ব্যস্ত ছিল। কোহলি ২০০৮ সাল থেকে আইপিএল খেলেছেন। প্রথম শিরোপা জয়ের ফলে উদযাপনও বাঁধনহারা ছিল। আর তাতেই ঘটে বিপত্তি।
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, প্রায় দুই-তিন লক্ষ ভক্ত উদযাপনে অংশ নিতে এসেছিলেন, যেখানে স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৩৫ হাজার।
চাপের মুখে রাজ্যের কংগ্রেস সরকার বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ এবং অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছে। এছাড়াও আরসিবি, ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাইকেল কুনহার নেতৃত্বাধীন বিচার বিভাগীয় কমিশনের হাতে।
আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে আরসিবি প্রথমবার আইপিএল জিতেছে। ফলে এতদিনের অপেক্ষা শেষ হওয়ায় ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। তারপরই উদযাপনের সময় মর্মান্তিক ঘটনা ঘটেছে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications