শততম টেস্টে শতরান অধরাই, সঙ্গী অনুষ্কা-বিতর্কও! বিরাট মাইলস্টোন নিয়ে চিন্তা করছেন না কোন কারণে?
বিরাট কোহলির শততম টেস্টেই কাটবে শতরানের খরা। এমন প্রত্যাশা বুকে নিয়েই আজ কোহলির ব্যাটিংয়ের দিকে তাকিয়ে ছিল আসমুদ্র হিমাচল, বলা ভালো ক্রিকেটবিশ্ব। কিন্তু প্রথম ইনিংসে ৪৫ রানের বেশি করতে পারেননি। খুব বেশি ব্যাটার শততম টেস্টে শতরান পাননি। ভারতের প্রথম ব্যাটার হিসেবে সেই নজির গড়ার হাতছানি থাকলেও বিরাট অর্ধশতরানও করতে পারলেন না।

বিরাটের সংবর্ধনায় বিতর্ক
আজ খেলার শেষে বড় চমক ছিল সাংবাদিক বৈঠক। সাধারণত দিনের সেরা পারফর্মারকেই পাঠানো হয়। কিন্তু দেখা যায় টিভি ইন্টারভিউয়ে পাঠানো হলো হনুমা বিহারীকে, যিনি তিনে নেমে অর্ধশতরান করেছেন। বিরাটের সঙ্গে জুটিতে যোগ করেছেন মূল্যবান ৯০। আর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাজির বিরাট। শততম টেস্টের সকালে সংবর্ধনা। যে অনুষ্ঠান ঘিরে বিতর্কও রয়েছে। এর আগে ভারতের ১১ জন ক্রিকেটার শততম টেস্ট খেললেও মাঠে তাঁদের স্ত্রী বা পরিজনদের দেখা যায়নি। কেউ অবসর নিলে নিশ্চিতভাবেই থাকেন। কিন্তু এমন সংবর্ধনার ক্ষেত্রে রীতি ভেঙেই এদিন বিরাটের পাশে দেখা গেল স্ত্রী অনুষ্কাকে। পরিবারের বাকিরা ছিলেন দর্শকাসনে। অনেকে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদের মতে, কীসের ভিত্তিতে বিরাটকে এই অনুমতি দেওয়া হলো? অনুষ্কা কীভাবে মাঠে থাকতে পারেন কিংবা তাঁর কাজটাই বা কী ছিল?

তৃপ্ত কোহলি
বিকেলে বিরাটের সাংবাদিক বৈঠকে অবশ্য বিতর্কের কোনও আঁচ নেই। বিরাট বলেন, অন্য সময়ও যেভাবে ম্যাচের প্রস্তুতি নিয়েছেন মোহালিতেও তার ব্যতিক্রম হয়নি। দলের জন্য কিছুটা অবদান রাখতে পেরে তৃপ্ত বিরাট। ওপেনারদের হারানোর পর হনুমার সঙ্গে জুটিটাও কার্যকরী হয়েছে বলে খুশি তিনি। তিনি বলেন, আমি যতক্ষণ অবধি ভালো ব্যাট করছি ততক্ষণ কিছু নিয়েও চিন্তিত নই। সাধারণ মানুষ মাইলস্টোনের কথা বলে থাকেন। আরও অনেক কিছু বলেন, যা বাইরের কথাবার্তা ছাড়া আর কিছুই নয়। আমি নিজে জানি দেশের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপের অঙ্গ থাকতে পেরেছি। সকলেরই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। তার সঙ্গে আমারটা নাও মিলতে পারে। ম্যাচের পর ম্য়াচ মানুষ আমার কাছ থেকে বড় রান প্রত্যাশা করতেই পারেন। এটা তাঁদের ব্যক্তিগত প্রত্যাশা। সেই সঙ্গে এটাও ঠিক এই মাপকাঠিটিও সহজে তৈরি হয়নি। আমি ধারাবাহিক পারফর্ম করেছি বলেই এই প্রত্যাশা তৈরি হয়েছে।

৮ হাজারের ক্লাবে
শতরান না পেলেও বিরাট নিজের শততম টেস্টে ৮ হাজার টেস্ট রানের মাইলস্টোন পেরিয়ে গিয়েছেন। তাঁকে তৃপ্তি দিচ্ছে হনুমার সঙ্গে পার্টনারশিপ। তাঁর কথায়, আজও ৮০ রানে দুটি উইকেট পড়ে যাওয়ার পর ৯০ রানের পার্টনারশিপটি গুরুত্বপূর্ণ ছিল। যতক্ষণ সঠিক লক্ষ্যে ফোকাস ঠিক থাকছে, ততক্ষণ অবধি আমি মাইলস্টোন নিয়ে মোটেই চিন্তিত নই। কখনও আমি তা করিনি। অনেকেই মাইলস্টোন বা নানা কীর্তি নিয়ে আগ্রহী হয়ে থাকেন। তা নিয়ে বাইরে কথাবার্তাও চলতে পারে। কিন্তু আমি সেই গোত্রের নই। আমি ব্যাট ঠিকভাবে করতে পারছি কিনা সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
Listen in to what Virat Kohli has to say on his playing his landmark Test today. @Paytm #INDvSL | @imVkohli pic.twitter.com/MAtUcgJcVo
— BCCI (@BCCI) March 4, 2022












Click it and Unblock the Notifications