Ranji Trophy: রোহিত ও বিরাটের ঘরোয়া ক্রিকেট খেলতে বড়ই অনীহা! শেষবার মাঠে নামার কথা জানলে অবাক হবেন
Ranji Trophy: রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ব্যর্থতার ভারতীয় ক্রিকেটের এই দুই মহাতারকা প্রবল চাপে।
রোহিত ও বিরাট অন্তত ২০২৭ অবধি খেলতে চাইছেন বলে খবর। তাঁদের অবসর নেওয়ার দাবিও উঠছে। রোহিতের চেয়ে বিরাটের বয়স কিছুটা কম। ফলে সবচেয়ে বেশি চাপে রোহিতই।

সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রীর মতো বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন রোহিত ও বিরাটকে ছন্দে ফিরতে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য। জুনে ইংল্যান্ড সফর। তাতে রোহিত ও বিরাট- দুজনেরই জায়গা হবে কিনা তা নিশ্চিত নয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএল পরপর রয়েছে। এরই মধ্যে বিরাট ও রোহিতকে লাল বলের ক্রিকেট খেলার পরামর্শ দিচ্ছেন অনেকেই। ফলে রঞ্জি ট্রফি বা কাউন্টি খেলা ছাড়়া গতি নেই। আবার ইংল্যান্ড সফরকে প্রাধান্য দিয়ে রোহিত, বিরাট আইপিএল থেকে সরে দাঁড়িয়ে কাউন্টি খেলবেন, তেমনটাও হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, যদি কোনও ক্রিকেটার কোনও ফরম্যাটে ভারতীয় দলে খেলতে চান, তাহলে সুযোগ পেলেই তাঁকে সেই ফরম্য়াটেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। নিয়ম সকলের জন্যই সমান।
কয়েকজন প্রাক্তন আবার ভারতীয় দলে তারকা সংস্কৃতি তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। নিশানায় যে রোহিত ও বিরাট, তা নিয়ে কারও সংশয় নেই। বিসিসিআই সচিব থাকাকালীন জয় শাহ যখন ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছিলেন, তখন রোহিত, বিরাটকে ছাড় দেওয়া হয়েছে।
যার ফল ঘরোয়া ক্রিকেটে ১০-১২ বছর ধরে দেখাই যায়নি ভারতীয় দলের মহাতারকাদের। যেখানে সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটার সুযোগ পেলেই ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে পড়তেন, সেখানে রোহিত, বিরাটদের ছাড় দেওয়া অনেকেই ভালোভাবে নেননি। এখন সুযোগ বুঝে তাঁরা গর্জে উঠছেন।
ভাবলে অবাক হবেন, বিরাট কোহলি প্রায় ১৩ বছর রঞ্জি ট্রফিতে খেলেননি। ২০১২ সালে কোহলি একটি রঞ্জি ম্যাচ খেলেছিলেন। তাতে দুই ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ১৪ ও ৪২। কোহলি শেষবার ঘরোয়া ক্রিকেট খেলেছেন ২০১৩ সালে, এনকেপি সালভে ট্রফিতে।
রোহিত শর্মা রঞ্জি ট্রফি শেষবার খেলেছেন ২০১৫ সালে। আর ঘরোয়া ক্রিকেট শেষবার খেলেছেন বিজয় হাজারে ট্রফিতে। ২০১৮ সালে। তাও ৭ বছর হয়ে গেল। শীঘ্রই রোহিত ও কোহলির ভবিষ্যতের দিশা জানতে তাঁদের সঙ্গে কথা বলবেন নির্বাচক প্রধান। চলতি মাসে ফের রঞ্জি ট্রফিও শুরু হবে। তাতে ভারতের দুই মহাতারকা নামেন কিনা সেই বিষয় নিয়েই আগ্রহ সকলের।












Click it and Unblock the Notifications