Vijay Hazare Trophy: অনুষ্টুপ অপরাজিত ৯৯, সুমন্তর হাফ সেঞ্চুরি, হার্দিক-সমৃদ্ধ বরোদাকে উড়িয়ে দিল বাংলা
Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির মধুর প্রতিশোধ। হায়দরাবাদে বরোদাকে উড়িয়ে দিল বাংলা।
জিমখানা মাঠে সুদীপ কুমার ঘরামির নেতৃত্বাধীন দল জিতল সাত উইকেটে। সাত ওভার বাকি থাকতেই। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেও মাত্র ১ রানের জন্য শতরান পেলেন না অনুষ্টুপ মজুমদার।

বাংলা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২২৯। প্রথম ওভারের পঞ্চম বলে অভিষেক পোড়েলকে (৩ বলে ১) আউট করেন হার্দিক পাণ্ডিয়া। ১ রানে পড়ে ২ উইকেট। ৯.১ ওভারে ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলা। অধিনায়ক সুদীপ করেন ২৮ বলে ১৭।
১৬.১ ওভারে দলের ৭১ রানের মাথায় রান আউট হয়ে যান সুদীপ চট্টোপাধ্যায়। তিনি তিনে নেমে তিনটি চারের সাহায্যে ৪১ বলে ৩২ রান করেন। এরপর আর বাংলা কোনও উইকেট হারায়নিয ৪৩ ওভারেই পৌঁছে যায় ২২৯ রানের টার্গেটে।
চার নম্বরে নেমে অনুষ্টুপ মজুমদার ১০৬ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন। তিনি ১২টি চার ও ১টি ছয় মেরেছেন। সুমন্ত গুপ্ত ৮০ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও একটি ছয়। হার্দিক পাণ্ডিয়া ৭ ওভারে ৩৩ ও লুকমান মেরিওয়ালা ১টি মেডেন-সহ ৭ ওভারে ৩৫ রান দিয়ে ১টি করে উইকেট নেন।
এর আগে, বরোদা ৪৮.৫ ওভারে ২২৮ রানে গুটিয়ে গিয়েছিল। ওপেনার শাশ্বত রাওয়াত ১১১ বলে ৯৫ রান করে রান আউট হন। তিনি ১০টি চার ও ২টি ছয় মেরেছেন। হার্দিক পাণ্ডিয়া এক বছরের বেশি সময় পর ৫০ ওভারের ম্যাচ খেললেন। তবে ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। হার্দিক ও অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়াকে আউট করেন প্রদীপ্ত প্রামাণিক।
প্রদীপ্ত ১০ ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন। সাত ওভারে ৪৩ রান খরচ করে তিন উইকেট দখল করেন সায়ন ঘোষ। মুকেশ কুমারের ৮.৫ ওভারে ২টি মেডেন, ৩৭ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। আজকের ম্যাচ হেরে পয়েন্ট তালিকার এক থেকে তিনে নেমে গেল বরোদা।
মধ্যপ্রদেশ ও বাংলার চার ম্যাচে রয়েছে ১০ পয়েন্ট। তবে বাংলার (০.৯৫৩) চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে মধ্যপ্রদেশ (১.৪৫৫)। মধ্যপ্রদেশ আজ ১৭৪ বল বাকি থাকতে ত্রিপুরাকে ৮ উইকেটে হারিয়েছে। বরোদার ৩ ম্যাচে ৮ পয়েন্ট। মঙ্গলবার কেরলের বিরুদ্ধে খেলবে বাংলা।












Click it and Unblock the Notifications