করোনা লকডাউনে গ্রামে বন্দি আম্পায়ার, মোবাইল নেটওয়ার্ক পেতে গাছে উঠে করতে হচ্ছে পরিশ্রম
করোনা লকডাউনে গ্রামে বন্দি আম্পায়ার, নেটওয়ার্ক পেতে গাছে উঠে করতে হচ্ছে পরিশ্রম
করোনায় কাঁপছে বিশ্ব। এই পরিস্থিতিতে গৃহবন্দি আপনি আমি সকলেই। ক্রিকেট জগতের ক্রিকেটার, আম্পায়ার, বোর্ড কর্তা, সভাপতি সবাই এখন লকডাউনে গৃহবন্দি হয়ে রয়েছেন। এর মাঝেই আইসিসির এক আম্পায়ার এই লকডাউনে মোবাইলের নেটওয়ার্ক পেতে গাছে উঠে পড়লেন, যে ঘটনা এখন ক্রিকেট ফ্যানেদের মুখে মুখ ঘুরছে।

করোনা রুখতে ভারত জুড়ে ২১ দিনের লকডাউন পরিস্থিতিতে আইসিসি'র আন্তর্জাতিক প্যানেলে থাকা আম্পায়ার অনিল চৌধুরি গ্রামের বাড়িতে ঘরবন্দি রয়েছেন। ভারতীয় এই আম্পায়ারের আদি বাড়ি উত্তরপ্রদেশের শামলি জেলার ডাঙ্গরোল গ্রামে।
ভারতে করোনা ভাইরাস নিয়ে মার্চের শুরু থেকে উদ্বেগ তৈরি হয়। যেকারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ বাতিল ঘোষণা করা হয়ে। করোনা প্রাদুর্ভাবে সিরিজ বাতিল হওয়ায় সাতদিনের জন্য দেশের বাড়ি ঘুরে আসবেন বলে অনিল ঠিক করেছিলেন। দুই ছেলেকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে অনিল উত্তরপ্রদেশে গ্রামের বাড়িয়ে ঘুরতে যান। এরপরই যত বিপত্তি।
দেশের বাড়ি যাওয়ার পরপরই করোনা মোকাবিলার জন্য ভারত জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। ফলে আদি বাড়িতেই আটকে পড়েন অনিল। ডাঙ্গরোলে ফোনের টাওয়ার পেতে এরপর অনিলকে বেশ ঘাম ঝড়াতে হয়।
গ্রামের আদি বাড়িতে নেটওয়ার্কের অবস্থা এতটাই শোচনীয় যে, কোনও রকমে গাছের ডাল বেয়ে উপরে উঠে ফোনের নেটওয়ার্ক পেতে হচ্ছে। সেখানেও কপাল জোরে নেটওয়ার্ক পাওয়া গেলে কারুর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না অনিল।
অনিল বলেছেন, 'ঘুরতে এসে গ্রামে আটকে যাই। করোনার কারণে এখন লকডাউন। তবে এই লকডাউনে আমার ফোনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। মোবাইলে কোনও টাওয়ার থাকছে না, ইন্টারনেট পরিষেবাও নেই। দিল্লিতে স্ত্রী ও মায়ের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। প্রতিদিন গাছে উঠে নেটওয়ার্ক খুঁজতে হয়রান হচ্ছি। '
কোনও রকমে নেটওয়ার্ক পেয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনিল তাঁর গাছে উঠে ফোনের টাওয়ার পাওয়ার চেষ্টার কয়েকটি ছবি পোস্ট করেছেন। গ্রামের প্রধানকে সমস্যায় কথা জানিয়েও কোনও সুবিধে হয়নি বলে তিনি অভিযোগ করেছেন।












Click it and Unblock the Notifications