সাউদাম্পটনে পরাজয়ের পর আজ টুইটে বিরাট-বার্তা
ভারতের এই দল শুধু দল নয়, এটা আমাদের পরিবার, আমরা একসঙ্গেই সামনের দিকে এগিয়ে যাব। টুইটারে এ কথা লিখছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গতকালই ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।

ব্যর্থতার হ্যাটট্রিক
আইসিসি ইভেন্টে এই নিয়ে ব্যর্থতার হ্যাটট্রিক হল বিরাট কোহলির ভারতের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালের পর বিরাটের অধিনায়কত্বে ভারত হারল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। বৃষ্টিবিঘ্নিত টেস্টের পঞ্চম দিনে বিরাট কোহলির অধিনায়কত্ব, বোলিং চেঞ্জ, ফিল্ড প্লেসিংয়ের প্রশংসা করেছেন সকলেই। বোলিং পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মিলেছে উইকেট। কিন্তু প্রথম ইনিংসে ২১৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রানে ভারত গুটিয়ে যেতেই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের। দ্বিতীয় ইনিংসে ভারতের বোলিং যেমন ক্ষুরধার ও নিয়ন্ত্রিত হয়নি, তেমনই বেশ কয়েকটি ক্যাচ পড়াও সমস্যা বাড়িয়ে দেয়।

আগলে রাখা
বিরাট অবশ্য এই পরাজয়ের পরেও দলের সকলকে আগলে রাখছেন। তিনি বলেছেন, টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণে একটি টেস্ট যথেষ্ট নয়। বেস্ট অব থ্রি ফাইনাল জরুরি। এমনকী আজ টুইট করে তিনি জানিয়ে দিয়েছেন, এটা আমাদের শুধু দল নয়। পরিবার। সকলে একসঙ্গেই এগিয়ে যাব। অর্থাৎ অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডেও টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারত। প্রথম একাদশে কিছু রদবদল হতে পারে। বিরাট কারও নাম না নিলেও চেতেশ্বর পূজারার মন্থর ব্যাটিংয়ে তিনি যে খুশি নন তা বুঝিয়ে দিয়েছেন নিজের কথাতেই।

শক্তিবৃদ্ধি লক্ষ্য
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড ছাড়া কারও কাছে সিরিজ হারেনি ভারত। বিরাট সাফ বুঝিয়ে দিয়েছেন, বোলারদের মাথার উপর চাপতে দেওয়া যাবে না। ছন্দ নষ্ট করতে হবেষ। অর্থাৎ বোলাররা যাতে নিয়মিত ভালো জায়গায় বল রাখতে না পারেন সেজন্য রণকৌশল সাজিয়েই নামার পক্ষপাতী বিরাট। তবে কীভাবে কী ধরনের পরিবর্তন আসবে তা স্পষ্ট করেননি বিরাট। তিনি বলেছেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই টেস্ট দলের শক্তি বাড়াব। আউটের ভয় দূরে রেখে নির্ভীক ক্রিকেট খেলে রান তোলাই যে লক্ষ্য, ম্যাচের রাশ আলগা না করে নিজেদের হাতে রাখতে যে সর্বতোভাবে ঝাঁপাতে হবে সেটাই সতীর্থদের কাছে চাইছেন কিং কোহলি। টেস্ট দলকে আরও আত্মবিশ্বাসী করতে চান সীমিত ওভারের দলের মতো।

সামনে তাকিয়ে পরিকল্পনা
বিরাট আরও বলেন, সীমিত ওভারের ক্রিকেটে যেমন আমাদের দলের গভীরতা এখন দারুণ জায়গায় পৌঁছেছে, তেমনই টেস্ট ক্রিকেটের দলকেও আরও উন্নত করতে হবে। তবে চলতি বছরেই আইসিসি টি ২০ বিশ্বকাপ জয়ের হাতছানি রয়েছে অধিনায়ক বিরাটের সামনে। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলেছেন, পরিস্থিতির যোগ্য সদ্ব্যবহার করে, বিশ্ব খেতাবের জন্য দীর্ঘ অপেক্ষার পর যোগ্য দলই জিতেছে। বড় জিনিস যে সহজে আসে না এটার প্রকৃষ্ট উদাহরণ এই ফাইনালষ নিউজিল্যান্ড ভালো খেলেছে, সম্মান জানাচ্ছি। উল্লেখ্য, ভারতীয় দল ফাইনালের আগে কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েও পারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে অবশ্য বিরাটরা নামতে চান পুরো প্রস্তুতি নিয়েই।
This isn’t just a team. It’s a family. We move ahead. TOGETHER 💙🇮🇳 pic.twitter.com/E5ATtCGWLo
— Virat Kohli (@imVkohli) June 24, 2021












Click it and Unblock the Notifications