Jasprit Bumrah: বুমরাহের অভাব সত্যিই কি কোনও ফ্যাক্টর হবে, যা বললেন দ্রাবিড়
Jasprit Bumrah: বুমরাহের অভাব সত্যিই কি কোনও ফ্যাক্টর হবে, যা বললেন দ্রাবিড়
পিঠের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। তারকা পেসারের না থাকাটা কত বড় সমস্যা হতে পারে তা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রশিক্ষক রাহুল দ্রাবিড়।

বুমরাহের না থাকা বড় ক্ষতি:
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে হেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় দলের প্রশিক্ষক রাহুল দ্রাবিড় বলেছেন, "জসপ্রীত বুমরাহের না থাকা বড় ক্ষতি। এক জন মহান ক্রিকেটার ও কিন্তু এমনটা হতেই পারে। অন্য কারোর জন্য এটা সুযোগ। আমরা ওর অভাব, দলের মধ্যে ওর ব্যক্তিত্বের অভাব বোধ করব।"

এশিয়া কাপের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ:
এশিয়া কাপ ২০২২ থেকে পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেললেও একই সমস্যা নিয়ে আবারও দলের বাইরে চলে যান দক্ষিণ আফ্রিকা সিরিজে। বিশ্বকাপে বুমরাহকে খেলানোর মরিয়া চেষ্টা করা হলেও তাঁর পক্ষে খেলা সম্ভব নয়।

বুমরাহের পরিবর্তন অস্ট্রেলিয়ায় পৌঁছে ঠিক হবে:
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, "এই স্কোয়াডে ৭, ৮ জনই অতীতে অস্ট্রেলিয়ায় খেলেছে, সেই কারণে বেশ কিছু অনুশীলন ম্যাচ আমরা আয়োজন করেছি। আমাদের বুঝতে হবে কোন কম্বিনেশনে আমরা খেলতে পারি। বুমরাহ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে, ফলে আমাদের এমন এক জন বোলার খুঁজে বের করতে হবে যাঁর অতীতে অস্ট্রেলিয়ায় বোলিং করার অভিজ্ঞতা রয়েছে। নিশ্চিত নই কে হতে চলেছে সেই বোলার। অস্ট্রেলিয়ায় পৌঁছে আমরা দেখবো। আমরা সেখানেই দেখবো।" জসপ্রীত বুমরাহের পরিবর্তন হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি মহম্মদ শামি বা দীপক চাহারের মধ্যে কোনও এক জন ১৫-সদস্যের দলে জায়গা পেতে পারেন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান:
আসন্ন টি-২০ বিশ্বকাপ ২০২২-এর প্রথম ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ইতিমধ্যেই এই ম্যাচের জন্য সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। গত বার বিশ্বকাপেও প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত এবং সেই ম্যাচে জঘন্য ভাবে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। বিরাট কোহলির নেতৃত্বাধীন দল পরবর্তী রাউন্ডের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল।












Click it and Unblock the Notifications