মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে হোঁচট বিসিসিআইয়ের, টাটা গোষ্ঠী কীভাবে মানরক্ষা করে টাইটেল স্পনসর?
মহিলাদের প্রিমিয়ার লিগে টাইটেল স্পনসর হওয়ার জন্য বিসিসিআইয়ের আহ্বানে সাড়া দিল না কর্পোরেটরা। অবশেষে ৫ বছরের জন্য স্পনসরশিপ পেল টাটা গোষ্ঠী।
মহিলাদের প্রিমিয়ার লিগে পাঁচ বছরের জন্য টাইটেল স্পনসর হলো টাটা গোষ্ঠী। যদিও এই প্রক্রিয়ায় বেশ হোঁচটই খেল বিসিসিআই। একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে। উইমেন্স প্রিমিয়ার লিগে টাইটেল স্পনসরশিপের জন্য যে রিকোয়েস্ট ফর প্রোপোজাল রেখেছিল বোর্ড, তা আকৃষ্ট করেনি কোনও কর্পোরেটকেই!

হোঁচট খেল বিসিসিআই?
মহিলাদের প্রিমিয়ার লিগ (WPL)-এর টাইটেল স্পনসর হওয়ার যে আহ্বান বিসিসিআই রেখেছিল তাতে আগ্রহ দেখায়নি দেশের প্রথম সারির কোনও কর্পোররেটই। এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। চলতি বছর পর্যন্ত আইপিএলের টাইটেল স্পনসর টাটা গোষ্ঠী। ভিভো আইপিএলের টাইটেল স্পনসরশিপ ছেড়ে দিয়েছিল গত বছরের আইপিএলের মাস তিনেক আগে। তখন টাটাকে আইপিএলের টাইটেল স্পনসর করা হয়েছিল। এবারও কোনও কর্পোরেট আগ্রহ না দেখানোয় অবশেষে টাটার হাতেই গিয়েছে ডব্লুপিএলের টাইটেল স্পনসরশিপ। পাঁচ বছরের জন্য।
(ছবি- জয় শাহ-র টুইটার)
|
টাটা স্পনসর
বিসিসিআই সচিব জয় শাহ আজ রাতে টুইটারে জানান, টাটা গ্রুপ মহিলাদের প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসর হয়েছে। সেই সংস্থার সহযোগিতায় আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই ভারতীয় মহিলা ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে উন্নীত করতে পারব। তবে কত অঙ্কের বিনিময়ে এই চুক্তি আজ সম্পাদিত হয়েছে তা নিয়ে টাটা গোষ্ঠী বা বিসিসিআইয়ের তরফে কিছুই জানানো হয়নি।

শুরু চর্চা
এমনকী চলছে আরও জল্পনা। মহিলাদের প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরশিপ পাঁচ বছরের জন্য দখলে নিলেও আইপিএলের টাইটেল স্পনসর টাটা গোষ্ঠী আর থাকবে কিনা তা নিয়েও চর্চা তুঙ্গে। তেমন সম্ভাবনার কথা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। তাছাড়া বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষের আগেই বিভিন্ন সংস্থা বিভিন্ন স্পনসরশিপ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এমন উদাহরণও রয়েছে। ফলে মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে যে প্রত্যাশা বিসিসিআইয়ের রয়েছে, টাইটেল স্পনসর ঠিক করতে গিয়ে তা যে ধাক্কা খেল তা নিঃসন্দেহে বলাই যায়।

মার্চ থেকেই শুরু
মার্চের ৪ তারিখ থেকে শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগ। পাঁচটি দল রয়েছে। মুম্বইয়েই হবে সব ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাত জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। বাকি দলগুলি হলো ইউপি ওয়ারিয়রজ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। ২৬ মার্চ হবে ফাইনাল। ২০২৩ থেকে ২০২৭ অবধি ডব্লুপিএল সম্প্রচারের মিডিয়া রাইটস পেয়েছে ভায়াকম ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড। এ জন্য বোর্ড পাবে ৯৫১ কোটি টাকা, প্রতি ম্যাচ পিছু দর ৭.০৯ কোটি টাকা। পাঁচটি দল বিক্রি করে বোর্ডের কোষাগারে ঢুকেছে ৪৬৬৯.৯৯ কোটি টাকা। আদানি গোষ্ঠী ১২৮৯ কোটি টাকায় কিনেছে আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্সের দলের দর ৯১২.৯৯ কোটি টাকা, আরসিবি ও দিল্লি ক্যাপিটালস দল কিনেছে যথাক্রমে ৯০১ ও ৮১০ কোটি টাকায়। লখনউ ফ্র্যাঞ্চাইজি ৭৫৭ কোটি টাকায় কেনে ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস।












Click it and Unblock the Notifications