SA vs IND: গকেবেরহা দক্ষিণ আফ্রিকার কাছে যেন দুর্গ! সেন্ট জর্জেস পার্কে টি২০ আন্তর্জাতিক ম্যাচগুলির পরিসংখ্যান
SA vs IND: ডারবানের কিংসমিডে গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। কাল সিরিজে সমতা ফেরানোর হাতছানি প্রোটিয়াদের সামনে।
সিরিজ জিততে দক্ষিণ আফ্রিকাকে বাকি তিনটি ম্যাচেই জিততে হবে। তার প্রথম ধাপ গকেবেরহায়। গকেবেরহার আগে নাম ছিল পোর্ট এলিজাবেথ। সেন্ট জর্জেস পার্কে প্রোটিয়াদের ট্র্যাক রেকর্ড যথেষ্টই ভালো।

ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দ্বৈরথে নামার আগে এইডেন মার্করামদের আত্মবিশ্বাসী রাখবে সেন্ট জর্জেস পার্কের টি২০ আন্তর্জাতিক পরিসংখ্যান। ২০০৭ সালে এই স্টেডিয়ামে প্রথমবার টি২০ আন্তর্জাতিক খেলে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরেছিল ৫ উইকেটে।
তবে সেই পরাজয়ের পর এখানে তিনটি টি২০ আন্তর্জাতিক খেলেছে দক্ষিণ আফ্রিকা। জিতেছে তিনটিতেই। ২০১২ সালে এই স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩৩ রানে পরাস্ত করেছিল প্রোটিয়া বাহিনী। ২০২০ সালে এখানেই অস্ট্রেলিয়াকে টি২০ আন্তর্জাতিকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
গত বছরের ডিসেম্বরে সেন্ট জর্জেস পার্কেই হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে সূর্যকুমার যাদবের ভারতের বিরুদ্ধে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।
টস জিতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং নিয়েছিল। ভারত ১৯.৩ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৮০ রান তোলার পর বৃষ্টি নামে। ফলে ভারত পুরো ২০ ওভার খেলতে পারেনি। রিঙ্কু সিং ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৯ বলে সর্বাধিক ৬৮ রানে অপরাজিত ছিলেন। সূর্য করেন ৩৬ বলে ৫২।
২ ওভারে ৬ রান ওঠার ফাঁকে ভারত দুই ওপেনারকে হারিয়েছিল। শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল কেউই খাতা খুলতে পারেননি। তিলক বর্মা ২৯, রবীন্দ্র জাদেজা ১৯ রান করেছিলেন। জিতেশ শর্মা আউট হন ১ রানে। জেরাল্ড কোয়েটজি ৩২ রানে তিন উইকেট দখল করেছিলেন।
বৃষ্টির পর খেলা শুরু হলে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ১৫ ওভারে ১৫২। ১৩.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল প্রোটিয়ারা। রিজা হেন্ডরিকস ৪৯, মার্করাম ৩০ রান করেছিলেন। মুকেশ কুমার নিয়েছিলেন ২ উইকেট।












Click it and Unblock the Notifications