T20 World Cup 2024: ৮ বারের প্রয়াসে নজির গড়ে বিশ্বকাপ ফাইনালে! দক্ষিণ আফ্রিকা কোন আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন?
T20 World Cup 2024: ১৯৯২ সাল থেকে যে দুঃস্বপ্ন তাড়া করেছিল আজ যেন সেই শাপ থেকে মুক্তিলাভ! আফগানিস্তানকে উড়িয়ে টি২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা।
৫ বার ৫০ ওভারের বিশ্বকাপে, ২ বার টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে উঠেও হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাদের। আজ কিছুটা স্বস্তি প্রোটিয়া-ভক্তদের।

নির্বাসনের অন্ধকার কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের বছরেই চমকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। যদিও ১৯৯২ সালের বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে দুর্ভাগ্যের শিকার হয়ে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। ইংল্যান্ড ৪৫ ওভারে ৬ উইকেটে ২৫২ তোলার পর, দক্ষিণ আফ্রিকা যখন ৪২.৫ ওভারে ৬ উইকেটে ২৩১ তখন বৃষ্টি নামে।
১২ মিনিট মতো খেলা বন্ধ ছিল। এরপর প্রোটিয়াদের টার্গেট বদল করা হয়। আচমকা ম্যাচটি ৪৩ ওভারের করা হয়। যদিও সিডনি ক্রিকেট গ্রাউন্ডের স্কোরবোর্ডে লেখা হয় ৭ বলে ২২ দরকার। টিভিতেও তাই দেখানো হয়। একটু পরেই তা বদলে করা হয় ১ বলে ২২ দরকার। বাস্তবে ১ বলে ২১ দরকার ছিল।
১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ টাই হয়। ইংল্যান্ড তুলেছিল ২১৩। ৪৯.৪ ওভারে অ্যালান ডোনাল্ড রান আউট হতেই দক্ষিণ আফ্রিকা ইনিংসে যবনিকা পতন। ক্রিজে তখনও ১৬ বলে ৩১ রানে অপরাজিত লান্স ক্লুজনার। সুপার সিক্সে প্রোটিয়াদের তুলনায় ভালো অবস্থানে থাকায় ফাইনালে চলে যায় অজিরা।
২০০৭ সালে বিশ্বকাপ সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। ২০০৯ সালের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে তাদের হার পাকিস্তানের বিরুদ্ধে। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে ভারতের কাছে হেরে চুরমার হয়েছিল দক্ষিণ আফ্রিকার ফাইনাল খেলার স্বপ্ন।
২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ড ও ২০২৩ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে পরাস্ত হয়েছিল প্রোটিয়ারা। এবার টানা ৮টি ম্যাচ জিতে তারা নিশ্চিত করল ফাইনালের টিকিট। পুরুষদের ক্রিকেটে যে কোনও ফরম্যাটের বিশ্বকাপ ফাইনাল এই প্রথম খেলবে দক্ষিণ আফ্রিকা।
ফাইনাল জিতলে অস্ট্রেলিয়ার ঈর্ষণীয় রেকর্ড ভেঙে দেবে দক্ষিণ আফ্রিকা। টি২০ বিশ্বকাপে টানা আটটি ম্যাচ জেতার নজির রয়েছে অস্ট্রেলিয়ার। ২০২২ সালের শেষ তিনটি এবং চলতি টি২০ বিশ্বকাপের প্রথম পাঁচটিতে জিতে। দক্ষিণ আফ্রিকা অবশ্য চলতি টি২০ বিশ্বকাপেই টানা ৮টি ম্যাচ জিতেছে।
২০০৯ ও ২০২১ সালে টানা সাতটি করে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে এবার টানা ৮টি জয় বুঝিয়ে দিচ্ছে কতটা ছন্দে রয়েছে এইডেন মার্করামের দল। ৬৭ বল বাকি থাকতে আগে কখনও টি২০ আন্তর্জাতিকে জেতেনি প্রোটিয়ারা। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৩০ রান তাড়া করে জিতেছিল ৫১ বল বাকি থাকতে।
চলতি টি২০ বিশ্বকাপেই শ্রীলঙ্কাকে ৭৭ রানে মুড়িয়ে দিয়েছিল প্রোটিয়ারা। আজ আফগানিস্তান করল ৫৬। টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও দলের করা এটিই সর্বনিম্ন স্কোর। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক ও ওডিআইয়ে কখনও হারেনি দক্ষিণ আফ্রিকা, সেই ব্যবধান বেড়ে হলো ৫-০।
২০১০ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ এবং ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপে আফগানদের হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের পাশাপাশি ভারত ও নেপালকে কখনও আন্তর্জাতিক ক্রিকেটে হারাতে পারেনি আফগানিস্তান।
দক্ষিণ আফ্রিকা অবশ্য আইসিসি ইভেন্টের ফাইনালে আগেও উঠেছিল। চ্যাম্পিয়নও হয়। আইসিসি নক আউট ট্রফি হয়েছিল ১৯৯৮ সালে বাংলাদেশে। সেবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ বল বাকি থাকতে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। টি২০ বিশ্বকাপ ফাইনালই কুইন্টন ডি ককের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। ফলে সেটাও প্রোটিয়াদের কাছে বাড়তি মোটিভেশন।












Click it and Unblock the Notifications