আইপিএল ২০২০ : রাজস্থান রয়্যালসের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ
আইপিএল ২০২০ : রাজস্থান রয়্যালসের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ
আইপিএলের বাদ্যি বেজে গিয়েছে। করোনা ভাইরাসের জেরে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে টুর্নামেন্ট। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ধনী ক্রিকেট লিগ। ইভেন্টের অন্যতম জনপ্রিয় দল তথা এক বারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এবারও অন্য দলগুলিকে টেক্কা দিতে তৈরি। সেই দলের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ এক নজরে দেখে নেওয়া যাক।

রয়্যালসের শক্তি
১) অধিনায়ক স্টিভ স্মিথের স্বপ্নের ফর্ম এবং ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক এবারও রাজস্থান রয়্যালসের সমর্থকদের সাফল্যের স্বপ্ন দেখাচ্ছে।
২) স্টিভ স্মিথ ছাড়াও রাজস্থান রয়্যালস দলে রয়েছেন বেন স্টোকস, জোস বাটলার, জোফ্রা আর্চারের মতো বিশ্বজয়ী ইংল্যান্ড দলের তারকা ক্রিকেটার। তাঁরা যে কোনও কঠিন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত।
৩) তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, স্পিনার শ্রেয়স গোপাল, রঞ্জি জয়ী সৌরাষ্ট্র দলের অধিনায়ক জয়দেব উনাদকাট এবারও রাজস্থান রয়্যালসের অন্যতম শক্তি হতে চলেছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

নতুন যারা
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে দেখা যাবে রবিন উথাপ্পাকে। দীর্ঘ ছয় মরশুম কলকাতার জার্সিতে সাফল্যের সঙ্গে খেলা এই কর্নাটকী ব্যাটসম্যান রাজস্থানের জার্সিতেও ফুল ফোটাবেন বলে মনে করা হচ্ছে। রাজ কুন্দ্রাদের দলে অন্তর্ভূক্ত করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ফাস্ট বোলার ওশেন থমাসকে।

রয়্যালসের দুর্বলতা
স্টিভ স্মিথ, বেন স্টোকস, জোস বাটলার এবং জোফ্রা আর্চার ছাড়া রাজস্থান রয়্যালসে খেলা অন্যান্য বিদেশি ক্রিকেটারদের জঘন্য ফর্ম। দলের নির্ভরযোগ্য কোনও ভারতীয় অল-রাউন্ডার না থাকাটাও ভোগাতে পারে রয়্য়ালসকে।

সম্ভাব্য প্রথম একাদশ
জোস বাটলার (উইকেটরক্ষক), রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ (অধিনায়ক), বেন স্টোকস, রিয়ান পারাগ, মহিপাল লোমরার, শ্রেয়স গোপাল, জোফ্রা আর্চার, মায়াঙ্ক মারখান্ডে, জয়দেব উনাদকাট।












Click it and Unblock the Notifications