বিশাখাপত্তনম ODI-এ ব্যাটিং ভরাডুবি ভারতের, অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে ২৬ ওভারেই শেষ রোহিতরা
বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতের ব্যাটিং ভরাডুবি। টস জিতে রোহিত শর্মাদের ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক স্টিভ স্মিথ। মাত্র ২৬ ওভারেই ১১৭ রানে অল আউট হয়ে গেল বিশ্বের এক নম্বর ওডিআই দল। মিচেল স্টার্ক পাঁচটি ও শন অ্যাবট নেন তিনটি উইকেট। ভারতের হয়ে সর্বাধিক ৩১ রান বিরাট কোহলির।

ভারতের ভরাডুবি
আজ সকালেও হাল্কা বৃষ্টির পাশাপাশি মেঘলা আবহাওয়া ছিল বিশাখাপত্তনমে। যদিও পরে রোদ ওঠায় খেলা শুরু হয় নির্ধারিত সময়েই। দীর্ঘ সময় পিচ কভার দিয়ে ঢাকা থাকার ফলে প্রথম দিকে পেসাররা বাড়তি সুবিধা আদায় করে নিতে হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু তা বলে বিশ্বের ১ নম্বর ওডিআই দল ২৬ ওভারেই অল আউট হয়ে যাবে তা ভাবা যায়নি। মুম্বইয়ে প্রথম একদিনের আন্তর্জাতিকেও ভারতকে অস্বস্তিতে রেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার অবিচ্ছেদ্য জুটি ভারতকে কাঙ্ক্ষিত জয় এনে দেয়।

ওপেনাররা ব্যর্থ
আজ অবশ্য তা হয়নি। প্রথম ওভারের তৃতীয় বলেই শুভমান গিল মিচেল স্টার্কের শিকার হন। মার্নাস লাবুশানের হাতে যে লুজ শট খেলে লোপ্পা ক্যাচ দেন তাতে নিজের উপর বিরক্তিও প্রকাশ করেন তিনি। ২ বলে ০ রানে শুভমান আউট হন দলের তিন রানের মাথায়। শ্যালকের বিয়ের কারণে মুম্বই ম্যাচে খেলেননি রোহিত শর্মা। এদিন তিনি ঈশান কিষাণের জায়গায় খেললেন। যদিও ১৫ বলে ১৩ রানে তিনি মিচেল স্টার্কের দ্বিতীয় শিকার হন। ভারতের দ্বিতীয় উইকেটটি পড়ে ৪.৪ ওভারে ৩২ রানে।

জোড়া গোল্ডেন ডাক
মুম্বইয়ের পর এদিনও গোল্ডেন ডাক সঙ্গী হলো সূর্যকুমার যাদবের। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে চারে খেলতে নেমে তিনি দুই ম্যাচে স্টার্কের শিকার হলেন, দুবারই প্রথম বলেই আউট। প্রথম ম্যাচের মতো আজও সেই লেগ বিফোর। ১২ বলে ৯ রান করে লোকেশ রাহুল স্টার্কের চতুর্থ শিকার। ৮.৪ ওভারে ভারতের চতুর্থ উইকেটের পতন ৪৮ রানে। ৯.২ ওভারে ৪৯ রানে পঞ্চম উইকেটটি পড়ে। ৩ বলে ১ রান করে শন অ্যাবটের প্রথম শিকার হার্দিক পাণ্ডিয়া।

বিরাটের সর্বাধিক রান
এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালাতে থাকেন বিরাট কোহলি। কিন্তুটি চারটি বাউন্ডারির দৌলতে ৩৫ বলে ৩১ রান করে তিনি আউট হন নাথান এলিসের বলে। ১৫.২ ওভারে ৭১ রানে পড়ে ভারতের ষষ্ঠ উইকেট। ১৯.৩ ওভারে রবীন্দ্র জাদেজা আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯১। ৩৯ বলে ১৬ করে এলিসের দ্বিতীয় শিকার জাড্ডু। গ্লেন ম্যাক্সওয়েলের ফিটনেস সমস্যা থাকায় এদিন এলিসকে নিয়েছিল অস্ট্রেলিয়া।

২৬ ওভারে ১১৭!
২৫তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে আউট হয়ে যান কুলদীপ যাদব ও মহম্মদ শামি। এই ওভারটি করছিলেন অ্যাবট। কুলদীপ চার ও শামি শূন্য রানে আউট হন। ১১৭ রানে ভারতীয় ইনিংসের যবনিকা পতন হয়। মহম্মদ সিরাজ (৩ বলে ০) এই ম্যাচে স্টার্কের পঞ্চম শিকার। ২৯ বলে ২৯ করে অপরাজিত থাকেন শার্দুল ঠাকুরের জায়গায় সুযোগ পাওয়া অক্ষর প্যাটেল।

অজি পেসারদের দাপট
মিচেল স্টার্ক একটি মেডেন-সহ ৮ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নিলেন। শন অ্যাবট ৬ ওভারে ২৩ রান খরচ করে নেন তিন উইকেট। নাথান এলিস ৫ ওভার বল করেছেন, ১৩ রান খরচ করে তিনি পেয়েছেন ২টি উইকেট। একদিনের আন্তর্জাতিকে এদিন চতুর্থ সর্বনিম্ন স্কোরে শেষ হলো ভারত। কোনও একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার নিরিখে মিচেল স্টার্ক রইলেন যুগ্ম তৃতীয় স্থানে। সবচেয়ে বেশি ১৩ বার পাঁচ উইকেট নেন ওয়াকার ইউনিস। ১০ বার মুথাইয়া মুরলীধরন। নবমবার পাঁচ উইকেট নিয়ে ব্রেট লি, শাহিদ আফ্রিদি ও লাসিথ মালিঙ্গার সঙ্গে রইলেন স্টার্ক।












Click it and Unblock the Notifications